বিশ্বকাপে ব্যর্থতার পর ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়েছেন টিটে। এখনও কোচ নিয়োগ দেয়নি ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। সংস্থাটির প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ অবশ্য আশাবাদী, শিগগিরই সেলেসাওদের দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
টিটে দায়িত্ব ছাড়ার পর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কোচকে ব্রাজিলের কোচ হতে প্রস্তাব দিয়েছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন। তাদের মধ্যে আনচেলত্তি একজন। রিয়ালের সঙ্গে ২০২৪ পর্যন্ত চুক্তি থাকার কারণে ইতালিয়ান কোচকে পায়নি ব্রাজিল। তবে রদ্রিগেজ আশাবাদী, শিগগিরই প্রস্তাব মেনে নিতে চলেছেন ৬৩ বর্ষী কোচ।
আনচেলত্তির দায়িত্ব নেয়ার সময়সীমাও উল্লেখ করেছেন সিবিএফ প্রেসিডেন্ট। জানিয়েছেন, আগামী ২৫মে’র মধ্যেই বিষয়টি নিশ্চিত হবে।
‘পরিস্থিতি এগিয়ে চলেছে। আমরা আগামী ২৫মে জাতীয় দলের পরবর্তী ডাকের জন্য একটি পরিষ্কার অবস্থানে যেতে চাচ্ছি। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের ঠিক করে দেয়া ২৫মে সময়সীমাকে যদি তিনি মেনে নিতে চান, তাহলে তার জন্য একটু সমস্যা হতে পারে।’
ব্রাজিলের গণমাধ্যম বলছে, লা লিগায় জিরোনার কাছে ৪-২ ব্যবধানে হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জেগেছে। চ্যাম্পিয়ন্স লিগে যদি ম্যানসিটির বাধা কাটিয়ে না উঠতে পারেন, কিংবা শেষটা ভালো না হয়, তাহলে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির দ্বিতীয় অধ্যায়ের ইতি ঘটতে পারে।
লা লিগায় বার্সেলোনা থেকে পিছিয়ে থাকলেও রিয়ালের সামনে রয়েছে দুটি শিরোপা জয়ের সুযোগ। ৬মে কোপা ডেল রে’র ফাইনালে লড়বে রিয়াল। আর ৯ ও ১৭মে ম্যানসিটির বিপক্ষে লড়বে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল।








