টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন হওয়ার একেবারে কাছে চলে এসেছে বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ঢাকা আবাহনীকে ২-১ গোলে হারিয়ে দলটির শিরোপা জয়ের রাস্তা এখন বেশ মসৃণ।
১৪ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরার পয়েন্ট ৩৭। সমান খেলায় ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তৃতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর ২৫ পয়েন্ট।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার ম্যাচের পঞ্চম মিনিটেই টানা চারবারের শিরোপাধারীদের এগিয়ে দেন রাকিব হোসেন। স্পটকিক থেকে ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিগুয়েল।
বিরতির পর ৫০ মিনিটে আবাহনীর হয়ে কর্নেলিয়াস স্টুয়ার্ট লক্ষ্যভেদ করেন। সমানে সমান লড়েও শেষ পর্যন্ত আকাশী-নীলরা হার এড়াতে পারেনি।
আরেক খেলায় রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া বাংলাদেশ ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ফর্টিজ ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ১৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকা শেখ রাসেল কেসি।







