রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের বেশিরভাগ ক্লাবই বিপাকে রয়েছে। আবাহনী, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মতো ক্লাবগুলোর উপর দিয়েও বড় ঝড় বয়ে গেছে। দুর্বৃত্তের হামলায় সেগুলো এখন ধ্বংসস্তুপ। এমন পরিস্থিতিতে ক্লাবগুলোর অনুরোধ ও বাফুফের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশি প্রিমিয়ার লিগে (বিপিএল) দলবদলের সময় ৩ দিন বৃদ্ধি করেছে ফিফা।
১৯ আগস্ট ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিন। রাজনৈতিক ক্ষমতা পালাবদলের সময়ে ক্লাবগুলোর সমস্যার বিষয়টি জানিয়ে বাফুফে দলবদলের সময় বাড়ানোর জন্য ফিফায় চিঠি দিয়েছিল। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সেই চিঠি আমলে না নিয়ে নাকচ করে। বাফুফে আবার অনুরোধ করলে বিশেষ বিবেচনায় দলবদলের সময় ৩ দিন বৃদ্ধি করার অনুমতি দেয় ফিফা।
গত ১ জুন থেকে বিপিএলে দলবদল শুরু হয়েছে। দলবদলের সময় বাড়াতে হলে ফিফার অনুমতি নিয়ে করতে হয়। বাফুফে দলবদলের জন্য ১১ সপ্তাহ সময় নিয়েছিল। পরবর্তীতে বাংলাদেশের প্রেক্ষাপটে আরও ৩ দিন বৃদ্ধি করেছে ফিফা।








