গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার আট মাস পর বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে ‘গোপন সমঝোতা’ ভেঙে যাওয়ায় এবং বর্তমান পরিস্থিতি সামাল দিতে না পেরেই বিএনপি ঐক্যের ডাক দিচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে রাজশাহীতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপিই জাতীয় ঐক্য ভেঙেছে। এসব কারণে দলটির প্রতি সাধারণ মানুষ আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ভারতসহ বিশ্বের পাঁচটি পরাশক্তি পাশে থাকলেও আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ পাবে না। এ সময় দলটির রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন চুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম দেশের কয়েকটি গণমাধ্যম ও বুদ্ধিজীবীর ভূমিকার সমালোচনা করেন। কয়েকটি গণমাধ্যম আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ ও ভারতের পক্ষাবলম্বনকারীদের প্রতিহত করার হুঁশিয়ারিও দেন।
এর আগে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন তারা।






