আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার সমালোচনায় শি-পুতিন

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্য সুরক্ষাবাদ, একতরফা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রয়টার্স জানিয়েছে, বুধবার (১৮ নভেম্বর) দক্ষিণ চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শি জিনপিং মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান তুলে ধরেন। একই সময়ে পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য ও একতরফা পদক্ষেপের বিরোধিতা করেন।

আলোচিত এই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। ট্রাম্প, শি ও পুতিনের সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ করে ইউরোপ ও এশিয়ার ছোট দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেন ও ইউরোপের সরাসরি অংশগ্রহণ ছাড়াই বড় শক্তিগুলো দেশটির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।

বৈঠকটিকে কেউ কেউ ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা এবং বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের বিষয়গুলো নির্ধারিত হয়েছিল। ফলে বর্তমান বৈঠকও বড় শক্তিগুলোর হাতে ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারিত হওয়ার আশঙ্কা তৈরি করছে। প্রথমদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন পরিস্থিতি আলোচনায় আসবে না। তবে পরে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে চীন জানিয়েছে, আলোচনায় বিশ্বশান্তি রক্ষার বিষয়টি গুরুত্ব পাবে।

পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়টিও আলোচনায় থাকার কথা রয়েছে। তবে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণের উদ্যোগ থাকায় এই বিষয়ে আলোচনায় চীনের আগ্রহ সীমিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:ভ্লাদিমির পুতিন শি জিনপিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…