৮৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ট্যামি বিউমন্ট

ট্যামি বিউমন্ট ক্রিকেট মাঠে ব্যাট হাতে উল্লাসে ভাসছেন, ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেয়েদের অ্যাশেজে ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ইংলিশ ব্যাটার ট্যামি বিউমন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টেষ্টের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। সেই সঙ্গে মালিক বনে যান ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি।
শুক্রবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের দ্বিতীয়দিনে শতক পূর্ণ করেন ট্যামি। তৃতীয় দিনে ৩১৭ বলে ইংল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন দ্বিশতক। ২০৮ রানে অ্যাশলে গার্ডনারের বলে আউট হয়ে ফেরেন সাজঘরে।
ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শতকের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। এর আগে ইংলিশ ক্যাপ্টেন হিদার নাইট কেবল মাইলফলকটি স্পর্শ করেন।
বিউমন্টের রেকর্ডের দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের দেয়া ৪৭৩ রানের চ্যালেঞ্জে ইংলিশরা অলআউট হয়েছে ৪৬৩ রানে। ১০ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮২ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।






