শ্রীলঙ্কা মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে জিতে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলেছে নিগার সুলতানা জ্যোতির দলে। ঋতু মনির দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের দুইশোর পরপরই আটকে ফেলেছিল টিম টাইগ্রেস। রানতাড়ায় শারমিন আক্তার, সোবহানা মোস্তারি এবং স্বর্ণা আক্তারের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের দল।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে। লক্ষ্যতাড়ায় নেমে ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জয় তোলে বাংলাদেশ। ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রানে পৌঁছায় জ্যোতির দল।
শুরুতে লঙ্কানদের ওপেনিং জুটিতে ৮৫ বলে ৬৮ রান তোলেন হাসিনি পেরেরা এবং ইমেশা দুলানি। ৪১ বলে ২৭ করে সাজঘরে ফেরেন হাসিনি। তৃতীয় উইকেট জুটিতে ইমেশার সঙ্গে ৮২ বলে ৫২ রানের জুটি গড়েন হানসিমা করুনারত্ন, তিনি আউট হন ৭১ বলে ৫৪ রান করে। ৭৭ বলে ৫২ রান করে ফেরেন ইমেশা। কাভিশা দিলহারি করেন ৩৮ বলে ৩০ রান।
বাংলাদেশের হয়ে ঋতু মনি ৩টি, নাহিদা আক্তার ২টি উইকেট নেন। সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, রাবেয়া খান এবং মারুফা আক্তার ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি টিম টাইগ্রেসের। ৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। জুরাইয়া ফেরদৌস ৫ করে ফেরেন, শারমিন সুলতানা রানের খাতাই খুলতে পারেননি। জ্যোতি ২৯ বলে ১৩ করে সাজঘরে হাঁটা দেন।
পরে হাল ধরেন শারমিন আক্তার এবং সোবহানা, ১১১ বলে ৮৭ রানের জুটি গড়ে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। সোবহান ৫৬ বলে ৪১ রান করে রিটায়ার্ড করেন। শেষে স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে জয়সূচক ১০২ বলে ৭৮ রানের জুটি গড়েন শারমিন। শারমিন ১৩ চারে ১২৭ বলে ৪৬ রান করেন। স্বর্ণা ৪৮ বলে ৩৫ রান করেন।
লঙ্কানদের হয়ে দিওয়ামি ভিহানগা ৩টি, মালকি মাদারা ২টি, নিমাশা মেপেজ এবং ইনোকা রানাউইরা ১টি করে উইকেট নেন।








