মালদ্বীপকে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিতে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচেও জয় তুলেছে ভারত। মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে তারা। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল দলটি। সেমিফাইনালে ‘এ’ গ্রুপ রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে তারা।
দুই ম্যাচে ছয় পয়েন্ট তুলেছে ভারত। অন্য দিকে দুই ম্যাচে তিন পয়েন্ট পেয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। দুই ম্যাচের দুটিতেই হারের মুখ দেখেছে মালদ্বীপ। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে দ্বীপ দেশটিকে।
সেমিফাইনালে যেতে জিততে হবে এমন সমীকরণ মাথায় রেখে মাঠে নামে দুদল। দুদলই মাঠে বলের দখল ধরে রেখে খেলতে শুরু করে। প্রথম আধাঘণ্টায় ভারতের আক্রমণ বেশি ছিল। মালদ্বীপও আক্রমণ করে, তবে ভারতের ডিফেন্সের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি। ৩২ মিনিটে দুটি কর্নার আদায় করে নেয় মালদ্বীপ।
তবে ৩৭ মিনিটে ম্যাচের মোড় পরিবর্তন হয়। মালদ্বীপের ডি বক্সে ভারতের আব্দুল রাব্বি আনজুকান্দনকে ফাউল করেন হুসেইন ইউসুফ, পেনাল্টি পায় ভারত। সেখান থেকে গোল করেন পাকিস্তানের বিপক্ষে দুই গোল করা সুহাইল আহমেদ ভাট, ১-০ গোলে এগিয়ে যায় ভারত। আসরে দুই ম্যাচে তিন গোল করলেন এ ফরোয়ার্ড।
বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মালদ্বীপ যার অধিকাংশ অফসাইডে বাতিল হয়ে যায়। ভারতের সুযোগও কাজে লাগাতে পারেনি দলটি। দুদল মাঝমাঠে বল রেখে খেলা চালিয়ে যেতে থাকে। ৭৭ মিনিটে মালদ্বীপ গোলরক্ষককে একা পেলেও বল উপর দিয়ে মারেন ব্রিসেন দুবেন। ৮০ মিনিটে ডি বক্সের বাইরে পাওয়া বল জোরালো শট নেয় মালদ্বীপের খেলোয়াড়, ভারতের গোলরক্ষক বল হালকা করে উপর দিয়ে তুলে দেন।
৮৫ মিনিটে মালদ্বীপ ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি হাতছাড়া হয়। ডি বক্সের মধ্যে থেকে সবচেয়ে ভালো শটটি নেন, ভারতের গোলরক্ষক হাত দিয়ে বলটি কর্নারের বিনিময়ে গোল হওয়া থেকে বাঁচান। কর্নার থেকে পাওয়া বল এবার মালদ্বীপের অধিনায়ক শামোহ আলি হেড করলে ভারতের ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়।
৯১ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগটি হাতছাড়া করেন মালদ্বীপের বদলি নামা ইথান ইব্রাহিম জাকি। লেফট উইং থেকে পাওয়া বল তুলে দিলেই গোল হতো। তবে জাকি সেটি জোরে মারতে গিয়ে ভারতের গোলরক্ষক প্রিয়ানস দুবের মুখে মারেন, গোলবঞ্চিত হয় মালদ্বীপ। পরে ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।





