বাংলাদেশ

বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জোবাইদা রহমানের

বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জোবাইদা রহমানের

ছবি: সংগৃহীত

বর্জ্যকে ফেলে না রেখে সম্পদ, পরিচ্ছন্ন জ্বালানির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডা. জোবাইদা রহমান। এ লক্ষ্য অর্জনে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দেন তিনি। রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জোবাইদা রহমান বলেন, বাংলাদেশ গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্সকে স্বাগত জানায় এবং এ উদ্যোগের প্রতি সমর্থন জানায়। পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের সরকারের লক্ষ্যের সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ (থ্রি-আর) কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে। পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

জোবাইদা রহমান আরও জানান, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে জুবাইদা রহমান বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ভাগাড় থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য পানি উন্নতভাবে শোধনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি চিকিৎসা ও স্বাস্থ্যসেবাসংশ্লিষ্ট বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।

ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পের আওতায় প্রতিদিন তিন হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।

তিনি আরও বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা সরকারের অন্যতম লক্ষ্য। প্লাস্টিক দূষণ কমাতে দেশের বিভিন্ন লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিষ্কারের কাজও চলছে।

প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় সম্মেলনের গ্রিন জোনে স্থাপিত বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানান জোবাইদা রহমান।

মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে জোবাইদা রহমান বলেন, ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষপদ্ধতিকে উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এককভাবে কোনো দেশের পক্ষে শূন্য বর্জ্যের লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেন জোবাইদা রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তরুণদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষার উদ্যোগে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার ভাষায়, পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে। তরুণেরা শুধু আগামী দিনের নেতা নন, বর্তমানের সমস্যার সমাধানেও তাদের ভূমিকা রয়েছে।

জোবাইদা রহমান বলেন, বর্জ্যকে ফেলে দেওয়ার বস্তু হিসেবে না দেখে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে। বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। এ লক্ষ্য অর্জনে বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ প্রস্তুত।

বিষয়:অর্থনৈতিক প্রবৃদ্ধি ডা. জোবাইদা রহমান পরিচ্ছন্ন জ্বালানির উৎস বর্জ্য বিশ্বনেতা রূপান্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…