ক্রিকেট

লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিড নিয়ে থামল সাউথ আফ্রিকা

লিটনের বিশ্বরেকর্ড, ১৫৭ রানের লিড নিয়ে থামল সাউথ আফ্রিকা

জোহানেসবার্গে অসাধারণ কীর্তি গড়েছেন লিটন কুমার দাস। ব্যাটে সেঞ্চুরির পর উইকেটের পেছনে দাঁড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছেন টাইগার তারকা। বিশ্বের একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে টেস্টে এক ইনিংসে ৮টি ডিসমিসাল (উইকেট পতনে ভূমিকা রাখা) করে রেকর্ড গড়েছেন। আগে যৌথভাবে পাঁচজন উইকেটরক্ষক ৭টি ডিসমিসাল করে শীর্ষে ছিলেন। পেছনে ফেলেছেন ওয়াসিম বারি, বব টেলর, ইয়ান স্মিথ, রিডলি জ্যাকবস এবং জশুয়া ডি সিলভাকে। তাদের মধ্যে সর্বশেষ রেকর্ডটি গড়েছিলেন সিলভা, ২০২৩ সালে।

একইসঙ্গে একমাত্র উইকেটরক্ষক ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ৮ ডিসমিসাল ঘটিয়ে লিটন আরও একটি অনন্য মাইলফলক তৈরি করেছেন। এর আগে ডেনিস লিন্ডসে (১৯৬৬) এবং এবি ডি ভিলিয়ার্স (২০১৩) এক ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি ছয়টি ডিসমিসাল ঘটিয়েছিলেন। তাদের সেই কীর্তিও ছিল জোহানেসবার্গে।

লিটনের রেকর্ডের দিনে হাসান মাহমুদও গড়তে পারতেন বিশ্বরেকর্ড। তবে তা হল না টাইগার পেসারের। ড্যান প্যাটারসনকে বোল্ড করে নিজের পঞ্চম উইকেট নেয়ার উল্লাসে মেতেছিলেন। তবে ওভারস্টেপিং কারণে নো বলের সিগন্যাল দেন আম্পায়ার। এরপর প্যাটারসনকে হাসানের ক্যাচ বানিয়ে ফেরান ইবাদত হোসেন। তাতে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে ভিন্ন ৬টি দেশে নিজের প্রথম ৫ উইকেট নেয়া হল না হাসানের। এই কীর্তিটা ছিল কেবল অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়নের।

লিটনের বিশ্বরেকর্ডের দিনে অবশ্য ভালো অবস্থানে আছে সাউথ আফ্রিকা। মার্কুয়েজ অ্যাকারম্যান ও রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সাড়ে পাঁচশোর বেশি সংগ্রহ পেয়েছে তারা। দেড়শ রানের বেশি পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ। সময় বাকি এখনও ২ সেশন ও পঞ্চম দিন।

দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টসে জিতে রোববার আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০১.২ ওভারে ৪০০ রানে থেমেছে প্রথম ইনিংস। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এটি। আগের সর্বোচ্চ ছিল ৩২৬ রান, ২০১৫ সালে চট্টগ্রামে। জবাবে নেমে ১২৪.১ ওভারে ৫৫৭ রানে থামে প্রোটিয়ারা। ১৫৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নামবে বাংলাদেশ।

৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে সাউথ আফ্রিকা। রিকেলটন ৫৬ রানে এবং কাগিসো রাবাদা ৫ রানে ব্যাটে নামেন। অষ্টম উইকেটে দুজনে ১১২ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। ১১৩.১ ওভারে দলীয় ৪৯৩ রানে রিকেলটনকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৬৫ বলে ১০২ রান করেন। ১১৫.৪ ওভারে কাগিসো রাবাদাকে দ্বিতীয় শিকার বানান। ৯৩ বলে ৭২ রান করেন রাবাদা।

দশম উইকেট জুটিতে ডেন প্যাটারসনকে নিয়ে ৪৫ রান তোলেন টেম্বা বাভুমা। প্যাটারসন ২৯ রান করে আউট হন, বাভুমা অপরাজিত থাকে ৬৮ রানে। এছাড়া প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে ১৫৭ রান করেন মার্কুয়েজ অ্যাকারম্যান, ৮৩ রান করেন জুবায়ের হামজা।

বাংলাদেশ বোলাদের হয়ে হাসান ৪ উইকেট, তাসকিন ও মিরাজ ২ উইকেট করে এবং মুমিনুল ও ইবাদত নেন একটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সেঞ্চুরি করেন দুজন। তাওহীদ হৃদয় ২২৭ বলে ১৩৭, লিটন দাস ১৭৯ বলে ১২০ রান করেন। তানজিদ তামিম করেন ১০৮ বলে ৬৭ রান।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে রাবাদা ৫ উইকেট, ডেন পিটারসন ৪ উইকেট এবং মার্কো জানসেন নেন এক উইকেট।

বিষয়:জোহানেসবার্গ টেস্ট বাভুমা বাংলাদেশ রাবাদা রিকেলটন লিটন দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…