অপরাধ

ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর: বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে

ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর: বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে

ঢাকার ধানমণ্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এর সামনে ছাত্রদলের নেতাকর্মীদের মারধরের মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন ৩১ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা, যুবলীগ কর্মী আকবর হোসেন, সুমন মিয়া, জসিম খান, শাহাদাত ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিপন, মাহবুব, কাইয়ুম ও রাকিবুল ইসলাম।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাজা ও আকবর ব্যতীত অপর ৯ আসামির পক্ষে তাদের আইনজীবী সালাউদ্দিন নিয়াজী জামিন চেয়ে আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘আসামিরা কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের স্টাফ। রাজনীতির সঙ্গে জড়িত নয়।’

মামলাটা মেকিং দাবি করে সালাউদ্দিন নিয়াজী বলেন, ‘আজ ১৩ নভেম্বর, অথচ আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে লেখা হয়েছে ১২ নভেম্বর। এতেই বোঝা যায়, মামলাটা মেকিং।

আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, রিমান্ড আবেদন নেই। তাদের জামিন প্রার্থনা করছি।’

শুনানি নিয়ে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন বিষয়ে অধিকতর শুনানির দিন রোববার রেখেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব, ছাত্রদলকর্মী আকাশসহ আরো অনেকে মিলে বুধবার ধানমণ্ডি কাবাব ঘর থেকে তানভীর আহম্মেদ মোল্লা ও আকবর হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল।

পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানার ধানমণ্ডি-১৭ এর ঢাকা ব্যাংকের নিচে এলে সুমন মিয়ার হুকুমে অন্য আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন তাদের হাতে থাকা বেতের লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে ও সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ আসে। পরে পুলিশ ও জনতা মিলে ১১ জনকে আটক করলে অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোতাহার হোসেন বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।

এরআগে বুধবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে একটি বারে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) এক নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে ছাত্রদলের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা ও তার সহযোগী সুমনকে আটক করে। এ ঘটনায় বারের ম্যানেজারসহ কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।

পুলিশ ও ছাত্রদল সূত্র জানায়, ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগে রেস্তোরাঁকর্মী সুমনকে আটক করতে গেলে তিনি পালিয়ে কয়লা বারে আশ্রয় নেন। পরে তাকে ছাড়াতে ছাত্রলীগ নেতা রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের সাবেক নেতা মোতাহার হোসেন, এস কে সজীব ও আকাশ আহত হন। তাদের মাথায় আঘাত লাগে।

সেসময় মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতাসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:১১ জন কারাগারে ছাত্রদল নেতাকর্মীদের মারধর ধানমণ্ডি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…