প্রবাস সংবাদ

লিসবনের হাসপাতালে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশিকে দেখতে ছুটে গেলেন রাষ্ট্রদূত

লিসবনের হাসপাতালে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশিকে দেখতে ছুটে গেলেন রাষ্ট্রদূত

প্রবাসের মাটিতে এক বাংলাদেশির জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান।

পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গাজীপুরের সন্তান প্রবাসী বাংলাদেশি সৈয়ব বিন শাহজাদকে দেখতে হাসপাতালে যান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) লিসবনের সাও জোসে হাসপাতালে গিয়ে রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান আইসিইউতে চিকিৎসাধীন সৈয়ব বিন শাহজাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

একজন প্রবাসী বাংলাদেশির এমন সংকটময় মুহূর্তে রাষ্ট্রদূতের সরাসরি হাসপাতালে উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধের একটি ইতিবাচক বার্তা বহন করছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর পর্তুগালের লিসবনে এক গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হন সৈয়ব বিন শাহজাদ। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি লিসবনের সাও জোসে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তিনি কোমায় রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, গাজীপুরের সন্তান সৈয়ব বিন শাহজাদের এই সংকটময় সময়ে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পর্তুগালপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও তার সুস্থতার জন্য উদ্বেগ প্রকাশ করছেন। সবার একটাই প্রত্যাশা—সর্বোচ্চ চিকিৎসা ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি যেন এই কঠিন পরিস্থিতি কাটিয়ে আবারও সুস্থ জীবনে ফিরে আসতে পারেন।

প্রবাসীদের মতে, রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসানের হাসপাতালে ছুটে যাওয়া নিছক একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়; বরং প্রবাসের মাটিতে বিপদগ্রস্ত একজন বাংলাদেশির পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নাগরিকের বিপদের সময়ে দেশের দূতাবাস ও রাষ্ট্রীয় প্রতিনিধিদের এমন আন্তরিক উপস্থিতি প্রবাসীদের মনে আস্থা, সাহস ও আশার সঞ্চার করেছে।

বিষয়:প্রবাসী বাংলাদেশি রাষ্ট্রদূত ড. এস এম কামরুল হাসান লিবসন সড়ক দুর্ঘটনায় আহত সৈয়ব বিন শাহজাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…