চিকিৎসায় বিপুল বিনিয়োগেও সুফল পাচ্ছে না সাধারণ মানুষ: রাষ্ট্রপতি

দেশের চিকিৎসাশাস্ত্রে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, স্বাস্থ্য খাতে সরকারেরও রয়েছে উল্লেখযোগ্য বিনিয়োগ। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মন-মানসিকতার পরিবর্তন জরুরি।
রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। এ জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিকতারও পরিবর্তন জরুরি। দেশের মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করছেন এবং এ খাতে সরকারের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।
দেশের বর্তমান চিকিৎসাব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, নানা জটিলতার কারণে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। অনেক সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও পর্যাপ্ত চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অনেক সময় চিকিৎসক পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন।
এই পরিস্থিতি পরিবর্তনে প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা দেওয়ার মানসিকতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তার মতে, অনেক চিকিৎসক পড়াশোনা শেষ করে গ্রামে যেতে আগ্রহী হন না। কেউ কেউ সেখানে যোগ দিলেও অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ কিংবা অন্য কাজের অজুহাতে চলে যান। এ ধরনের প্রবণতা থেকে বেরিয়ে এসে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা কঠিন নয়। এসময় পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, পেশাগত সংগঠনে দলীয়করণ করা উচিত নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের নেতৃত্ব ও কার্যক্রমে সবকিছু বদলে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। একটি সার্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।





