আশুলিয়ায় পার্কিং করে রাখা দুই বাসে আগুন

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এই ঘটনা ঘটে। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়ি এলাকায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশে এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাস দুটি পার্কিং করা ছিল। বাস দুটি আলিফ পরিবহণের।
এসময় হঠাৎ বাস দুটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ততক্ষণে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।






