অর্থনীতি

‘বড় সম্পদ গড়তে বড় পুঁজি নয়, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত’

‘বড় সম্পদ গড়তে বড় পুঁজি নয়, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত’

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের ব্যাংকিং খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতা সৈয়দ মাহবুবুর রহমানের। দীর্ঘ এই কর্মজীবনে দেশের ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন করপোরেট ব্যাংকিং, ঋণ ব্যবস্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবসায়িক কৌশল নিয়ে। বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে একই দায়িত্ব পালন করেছেন ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকে। প্রাইম ব্যাংকেও ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করে ১৯৮৮ সালে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানিতে (সাবিনকো) মনিটরিং কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর আইডিএলসি, এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সিটিব্যাংক এনএতে দায়িত্ব পালন করেন। সিটিব্যাংকে পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপের প্রধান ছিলেন। ২০০৮ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দিয়ে উপব্যবস্থাপনা পরিচালক এবং পরে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব পান। ২০১৫ সালে ঢাকা ব্যাংকের শীর্ষ নেতৃত্বে যোগ দেন। ২০১৯ সালের নভেম্বরে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন তিনি।

ব্যাংকিং খাতে তার নেতৃত্বের স্বীকৃতিও এসেছে বিভিন্ন সময়ে। ২০১১-২০১৩ মেয়াদে পেয়েছেন ‘দ্য এশিয়ান ব্যাংকার লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। তার নেতৃত্বে ঢাকা ব্যাংক ২০১৮ সালে যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য ব্যাংকার’ সাময়িকীর ‘ব্যাংক অব দ্য ইয়ার’ স্বীকৃতি পায়। ২০২২ সালে পেয়েছেন ‘ব্যাংকিং সিইও অব দ্য ইয়ার—বাংলাদেশ’ স্বীকৃতি। ২০১৮ ও ২০১৯ সালে দায়িত্ব পালন করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে। ব্যাংকের ব্যবস্থাপনা থেকে শুরু করে পুরো খাতের নীতিগত ও পেশাগত আলোচনায় তার এই দীর্ঘ সম্পৃক্ততা অর্থনীতি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তার অভিজ্ঞতাকে দিয়েছে বিস্তৃত পরিসর।

তার কাছে অর্থনৈতিক সমৃদ্ধির প্রশ্নটি কেবল বেশি আয় করা কিংবা বড় ব্যবসা গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষ কীভাবে আয় করছেন, কতটা সঞ্চয় করছেন, সেই অর্থ কোথায় রাখছেন এবং প্রয়োজনের সময় কীভাবে ব্যবহার করছেন—সবকিছুই গুরুত্বপূর্ণ। একইভাবে একজন উদ্যোক্তার কাছে ঋণ শুধু দায় নয়; সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেটি ব্যবসা সম্প্রসারণ ও সম্পদ তৈরির উপায়ও হতে পারে। তবে এর জন্য প্রয়োজন হিসাব করে সিদ্ধান্ত নেওয়া।

সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন, সঞ্চয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পাশাপাশি অভ্যাসেরও ভূমিকা রয়েছে। আয় থেকে নিয়মিত একটি অংশ আলাদা করে রাখার মানসিকতা তৈরি করতে হবে। মাসে পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা—অঙ্ক যত ছোটই হোক, নিয়মিত জমাতে পারলে সময়ের সঙ্গে একটি তহবিল তৈরি হয়। তবে শুধু টাকা জমালেই হবে না, সেই অর্থ কোথায় রাখা হচ্ছে, সেটিও বুঝতে হবে।

নিজের পরিবারের একটি অভিজ্ঞতা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন তিনি। তার বাবা সরকারি চাকরি করতেন। আয় খুব বেশি ছিল না। কিন্তু প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনতেন। অবসরে যাওয়ার পর হাতে কিছু টাকা থাকবে—এই চিন্তা থেকেই তিনি নিয়মিত সঞ্চয় করতেন। বাবার সেই অভ্যাস তার কাছেও সঞ্চয়ের গুরুত্ব তুলে ধরেছে। অর্থাৎ সঞ্চয় জীবনের শেষ পর্যায়ে এসে শুরু করার বিষয় নয়; কর্মজীবনের শুরু থেকেই এর চর্চা থাকা দরকার।

কিন্তু নিয়মিত সঞ্চয়ের একটি বিষয় সামনে আসে, আর তা হলো নিরাপদে অর্থ রাখার জায়গা বা প্রতিষ্ঠান। বাংলাদেশে সাধারণ মানুষের বিনিয়োগের বিকল্প এখনো সীমিত। ব্যাংকের মেয়াদি আমানত, সঞ্চয়পত্র, সরকারি ট্রেজারি বিল ও বন্ড এবং জমি—প্রচলিত বিনিয়োগের বড় ক্ষেত্র এগুলো। উন্নত অনেক দেশে মিউচুয়াল ফান্ড সাধারণ মানুষের বিনিয়োগের পরিচিত মাধ্যম হলেও বাংলাদেশে এ খাত প্রত্যাশিত বিকাশ লাভ করেনি। অথচ পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত তহবিলে বিনিয়োগের সুযোগ থাকলে পুঁজিবাজার সম্পর্কে সীমিত ধারণা থাকা মানুষের জন্যও বিকল্প তৈরি হতো।

এখানে ব্যাংকের দায়িত্ব শুধু আমানত সংগ্রহে সীমাবদ্ধ থাকে না। গ্রাহকের আয়, ব্যয় ও ভবিষ্যৎ প্রয়োজন বুঝে তাকে সঞ্চয়ের পথ দেখানোও গুরুত্বপূর্ণ। এমটিবিতে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের মাধ্যমে গ্রাহকের হিসাবের লেনদেন ও ব্যয়ের ধরন বিশ্লেষণ করে সঞ্চয়ের সম্ভাবনা নির্ধারণের চেষ্টা করা হয়। একজন গ্রাহকের মাসিক আয় কত, নিয়মিত ব্যয় কত এবং কোন খাতে কত টাকা যাচ্ছে, তা দেখে তার জন্য সঞ্চয়ের পরামর্শ দেওয়া সম্ভব। কারও লক্ষ্য সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থ জমা করা, কারও লক্ষ্য অবসরজীবনে নিয়মিত আয় নিশ্চিত করা। আবার কেউ হয়তো নির্দিষ্ট কয়েক বছরের মধ্যে একটি বড় অঙ্কের তহবিল গড়তে চান। লক্ষ্য আলাদা হলে সঞ্চয়ের পদ্ধতিও আলাদা হওয়া উচিত।

‘বড় সম্পদ গড়তে বড় পুঁজি নয়, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত’
ছবি: সংগৃহীত

সঞ্চয়ের অর্থ বিনিয়োগের ক্ষেত্রেও দূরদর্শিতা প্রয়োজন। কোনো সম্পদের দাম ভবিষ্যতে বাড়তে পারে—এমন সম্ভাবনা আগে থেকে বুঝতে পারলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সুযোগ থাকে। গুলশান, পূর্বাচল কিংবা ঢাকার সম্প্রসারিত এলাকাগুলোর জমির দাম একসময় এখনকার তুলনায় অনেক কম ছিল। যারা তখন সম্ভাবনা বুঝে বিনিয়োগ করেছিলেন, তাদের অনেকেই পরবর্তী সময়ে ভালো মূল্য পেয়েছেন। একার পক্ষে জমি কেনা সম্ভব না হলে কয়েকজন মিলে বিনিয়োগের সুযোগও ছিল। তবে এ ধরনের সিদ্ধান্তের আগে জমির মালিকানা, দলিলপত্র, অবস্থান ও ভবিষ্যৎ যোগাযোগব্যবস্থা যাচাই করা জরুরি। সম্ভাবনা বুঝে বিনিয়োগ করা আর অনুমানের ওপর নির্ভর করে সম্পদ কেনা এক বিষয় নয়।

একজন বিনিয়োগকারী কতটা বিচক্ষণ, তা বোঝা যায় তার সিদ্ধান্ত নেওয়ার ধরনে। শুধু সম্ভাব্য লাভ দেখেই তিনি এগিয়ে যান না; বরং বিনিয়োগের খরচ, অর্থ ফেরত আসার সময়, ঝুঁকি এবং লোকসান হলে তা সামাল দেওয়ার সক্ষমতাও বিবেচনা করেন। ব্যবসার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কোনো প্রকল্পের বাজার ভালো মনে হলেই সেখানে অর্থ ঢেলে দেওয়া ঠিক নয়। প্রকল্প বাস্তবায়নে কত সময় লাগবে, বিনিয়োগের বিপরীতে কত আয় হতে পারে এবং বিদ্যমান ব্যবসার ওপর নতুন উদ্যোগের কী প্রভাব পড়বে—এসব হিসাব করতে হয়।

ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে অবশ্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো অর্থের নিরাপত্তা। বেশি মুনাফার প্রস্তাব পেলে অনেক আমানতকারী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বেছে নেওয়ার সময় নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক খাতের নানা অনিয়ম ও দুর্বলতা নিয়ে আলোচনার পর আমানতকারীদের এই প্রবণতায় পরিবর্তন এসেছে। এখন তারা ব্যাংকের আর্থিক অবস্থা, সুনাম ও আমানত ব্যবস্থাপনার সক্ষমতা বিবেচনা করছেন।

সৈয়দ মাহবুবুর রহমানের পরামর্শ, বেশি সুদের প্রস্তাব দেখেই ব্যাংক নির্বাচন করা উচিত নয়। নিজের মূলধন নিরাপদ থাকছে কি না, সেটিই প্রথম বিবেচনা হওয়া প্রয়োজন। কোনো ব্যাংক বেশি মুনাফা দিচ্ছে বলেই সেখানে অর্থ রাখা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে না। আমানতকারীর কাছে আসল বিষয় হলো নির্ধারিত সময়ে নিজের মূলধন ও প্রাপ্য মুনাফা ফেরত পাওয়া। এমটিবিতে চলতি বছরে নতুন আমানত ৭ হাজার কোটি টাকার বেশি বেড়েছে বলেও জানান তিনি। তার পর্যবেক্ষণে, গ্রাহকেরা এখন তুলনামূলক ভালো অবস্থানে থাকা ব্যাংকের দিকে বেশি ঝুঁকছেন।

‘বড় সম্পদ গড়তে বড় পুঁজি নয়, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত’
ছবি: সংগৃহীত

অন্যদিকে, আমানত দীর্ঘমেয়াদে রাখলেও সব অর্থ একসঙ্গে আটকে রাখা ঠিক নয়। অনেক সময় জরুরি প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে নিতে হয়। এতে প্রত্যাশিত মুনাফা পাওয়া যায় না। এ সমস্যা এড়াতে আমানত ভাগ করে একাধিক মেয়াদে রাখা যেতে পারে। কারও কাছে এক কোটি টাকা থাকলে তা কয়েকটি ব্যাংকে ভাগ করে রাখতে পারেন। আবার পুরো অর্থ ছয় মাস বা এক বছর মেয়াদে না রেখে তিন মাস, ছয় মাস কিংবা ভিন্ন মেয়াদে ভাগ করে রাখলে প্রয়োজনের সময় সুবিধা পাওয়া যায়।

মেয়াদ শেষ হওয়ার আগে আমানত ভাঙার বিকল্প হিসেবে আমানতের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও রয়েছে। এমটিবির সিকিউরড ওভারড্রাফট পণ্যের উদাহরণ দিয়ে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, কোনো গ্রাহকের স্বল্পমেয়াদি অর্থের প্রয়োজন হলে পুরো আমানত না ভেঙে তার বিপরীতে ঋণ নেওয়া যেতে পারে। পরে প্রয়োজন মিটে গেলে ঋণ পরিশোধ করে আবার স্বাভাবিকভাবে আমানত চালু রাখা সম্ভব। এতে মেয়াদপূর্তির আগে আমানত ভাঙার কারণে মুনাফা হারানোর ঝুঁকি কমে। অবশ্য ঋণের খরচ ও আমানতের মুনাফার ব্যবধান হিসাব করেই সিদ্ধান্ত নিতে হবে।

ব্যাংকে আমানত রাখার বাইরে সরকারি সিকিউরিটিজেও বিনিয়োগের সুযোগ রয়েছে। ট্রেজারি বিল ও বন্ড সাধারণ মানুষের জন্যও বিনিয়োগের একটি বিকল্প। এমটিবি প্রাইমারি ডিলার হওয়ায় তাদের মাধ্যমে গ্রাহকেরা সরকারি সিকিউরিটিজের নিলামে অংশ নেওয়ার সুযোগ পান। সঞ্চয়পত্র ও বন্ডের মধ্যে কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে বিনিয়োগকারীর প্রয়োজন, মেয়াদ ও অর্থ তোলার পরিকল্পনার ওপর। নির্দিষ্ট সময়ের আগে সঞ্চয়পত্র ভাঙলে প্রতিশ্রুত মুনাফা পাওয়া যায় না। তাই বিনিয়োগের আগে শর্তগুলো বুঝে নেওয়া জরুরি।

জমি ও স্বর্ণের মতো সম্পদ কেনার ক্ষেত্রেও লাভের পাশাপাশি তারল্য বিবেচনা করতে হয়। স্বর্ণের একটি সুবিধা হলো, প্রয়োজনে তা তুলনামূলক দ্রুত বিক্রি করে নগদ অর্থ পাওয়া যায়। কিন্তু কেনার সময়ের দামের ওপর লাভ-ক্ষতি নির্ভর করে। জমির ক্ষেত্রেও অবস্থান, দলিল ও বিক্রির সুযোগ গুরুত্বপূর্ণ। কোনো সম্পদের দাম অতীতে বেড়েছে বলে ভবিষ্যতেও একই হারে বাড়বে, এমন নিশ্চয়তা নেই।

এতসব বিনিয়োগের বিকল্পের মধ্যে মানুষ সবচেয়ে বেশি আকৃষ্ট হয় দ্রুত অর্থ বাড়ানোর প্রস্তাবে। দশ লাখ টাকা পাঁচ-ছয় বছরে এক কোটি টাকা করার মতো কোনো নিশ্চিত ব্যাংকিং পদ্ধতি নেই বলে মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান। পুঁজিবাজারে ভালো কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে সম্পদ বাড়ানোর সুযোগ থাকলেও বাজার সম্পর্কে ধারণা ছাড়া বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ। ব্যবসার ক্ষেত্রেও নিশ্চিত লাভের নিশ্চয়তা দেওয়া যায় না। পণ্যের চাহিদা, বিক্রির জায়গা, পরিচালনার দক্ষতা ও বাজারের প্রতিযোগিতার ওপর একটি ব্যবসার সাফল্য নির্ভর করে।

দ্রুত মুনাফার এই আকাঙ্ক্ষাই অনেককে প্রতারণার ফাঁদে ফেলে। এমএলএম বা পিরামিড কাঠামোর ব্যবসায় অল্প টাকা বিনিয়োগ করে দ্বিগুণ অর্থ পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নতুন সদস্য যুক্ত করলে বাড়তি আয় হবে—এমন প্রলোভনেও অনেক শিক্ষিত মানুষ অর্থ বিনিয়োগ করেছেন। বিদেশে চাকরি দেওয়ার নামেও অনেকে জমিজমা বিক্রি করে প্রতারিত হয়েছেন। অর্থনৈতিক চাপের সময় মানুষ দ্রুত সমাধান খোঁজে। সেই দুর্বলতাকে কাজে লাগায় প্রতারক চক্র। তাই কোনো বিনিয়োগের প্রস্তাব এলে অর্থ কোথা থেকে আসবে, কীভাবে লাভ হবে এবং বিনিয়োগ ফেরত পাওয়ার ব্যবস্থা কী—এসব প্রশ্নের উত্তর জানা জরুরি।

সম্পদ গড়ার ক্ষেত্রে প্রয়োজন আর লোভের পার্থক্য বোঝাও গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে রুশ লেখক লিও তলস্তয়ের একটি গল্পের কথা বলেন তিনি। গল্পে একজন মানুষকে বলা হয়েছিল, যত দূর পর্যন্ত দৌড়াতে পারবেন, ততটুকু জমির মালিক হবেন। বেশি জমি পাওয়ার আশায় তিনি দৌড়াতে থাকেন। শেষ পর্যন্ত সূর্য অস্ত যাওয়ার আগে ফিরে আসার চেষ্টা করতে গিয়ে মারা যান। গল্পটির শিক্ষা হলো, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা একসময় মানুষের বিবেচনাবোধকে আচ্ছন্ন করে ফেলতে পারে।

তবে বড় ব্যবসা গড়ে তোলার উচ্চাকাঙ্ক্ষাকে তিনি লোভের সঙ্গে এক করে দেখেন না। একজন উদ্যোক্তা বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, হাজারো মানুষের কর্মসংস্থান করতে পারেন। সেই উদ্যোগের মাধ্যমে অনেক পরিবারের জীবিকা তৈরি হয়। এটি একজন উদ্যোক্তার কাছে বড় তৃপ্তির বিষয়। কিন্তু ব্যবসার সক্ষমতা না বুঝে অতিরিক্ত ঋণ নেওয়া কিংবা এমন স্থায়ী সম্পদ কেনা, যেখান থেকে কোনো আয় আসছে না, তা বিদ্যমান ব্যবসাকে চাপে ফেলতে পারে।

এখানেই ফিরে আসে ব্যাংকঋণের প্রসঙ্গ। ঋণ নিয়ে ব্যবসা বড় করা যায়, এমনকি ছোট মূলধন থেকে বড় প্রতিষ্ঠান গড়ে তোলাও সম্ভব। তবে ঋণের অর্থ এমন কাজে ব্যবহার করতে হবে, যেখান থেকে আয় তৈরি হবে। একজন ক্ষুদ্র উদ্যোক্তা ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে পণ্য বা কাঁচামাল কিনলেন। ব্যবসা থেকে মুনাফা করে মূলধন বাড়ালেন। পরে আবার ঋণ নিয়ে ব্যবসার পরিধি বাড়ালেন। এভাবে ধারাবাহিকভাবে সঠিক ব্যবহার করতে পারলে ঋণ সম্পদ তৈরির উপায় হতে পারে।

‘বড় সম্পদ গড়তে বড় পুঁজি নয়, প্রয়োজন সঠিক সিদ্ধান্ত’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অনেক বড় ব্যবসাপ্রতিষ্ঠানও একদিনে গড়ে ওঠেনি। ব্যাংকঋণের সহায়তায় উদ্যোক্তারা কারখানা স্থাপন করেছেন, যন্ত্রপাতি কিনেছেন এবং উৎপাদন বাড়িয়েছেন। স্বাধীনতার পর দেশের শিল্পায়নের সময় ব্যাংকগুলোই দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস হয়ে ওঠে। তখন শক্তিশালী পুঁজিবাজার কিংবা বিকল্প দীর্ঘমেয়াদি অর্থায়নের ব্যবস্থা ছিল না। ফলে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুই পাশের কৃষিজমি যেভাবে শিল্পকারখানা ও বাণিজ্যিক স্থাপনায় রূপ নিয়েছে, তার পেছনে উদ্যোক্তা ও ব্যাংকের যৌথ ভূমিকা রয়েছে।

তবে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকের নিজেরও দায়িত্ব রয়েছে। একজন উদ্যোক্তার দশ টাকা প্রয়োজন হলে তাকে বিশ টাকা ঋণ দেওয়াকে সাফল্য বলা যায় না। ব্যাংকগুলোর মধ্যে ঋণ বিতরণ বাড়ানোর প্রতিযোগিতা কখনো কখনো গ্রাহককে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ দেওয়ার পরিস্থিতি তৈরি করে। অতিরিক্ত অর্থ হাতে পেলে উদ্যোক্তা মূল ব্যবসার বাইরে জমি কিংবা অন্য স্থায়ী সম্পদ কেনায় আগ্রহী হতে পারেন। কিন্তু সেখান থেকে আয় না এলে ঋণের কিস্তি পরিশোধে চাপ তৈরি হয়। তাই ঋণ অনুমোদনের সময় গ্রাহকের প্রকৃত প্রয়োজন, ব্যবসার সক্ষমতা এবং সম্ভাব্য নগদ অর্থের প্রবাহ যাচাই করা জরুরি।

বড় করপোরেট ঋণের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোর অনীহার বিষয়টিও আলোচনায় আসে। এর পেছনে ব্যাংকের ঝুঁকি গ্রহণের সক্ষমতা ও পরিচালন কাঠামোর পার্থক্য রয়েছে। বড় ঋণের গ্রাহকসংখ্যা কম হলেও ছোট ঋণ বিতরণ করতে হয় অনেক বেশি গ্রাহকের মধ্যে। প্রত্যেকের ব্যবসা যাচাই, নথিপত্র তৈরি, ঋণের ব্যবহার পর্যবেক্ষণ ও কিস্তি আদায়ে আলাদা ব্যবস্থা প্রয়োজন। ফলে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় ব্যাংকের পরিচালন ব্যয়ও বেশি হতে পারে। তবে দেশের উদ্যোক্তা তৈরির স্বার্থে এ খাতে অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন।

নতুন উদ্যোক্তার জন্য ব্যাংকঋণ পাওয়ার পথে আরেকটি সমস্যা হলো পূর্ববর্তী ঋণ ইতিহাস না থাকা। একজন ব্যক্তি জীবনে কখনো ঋণ নেননি। ৪৫ বছর বয়সে এসে ব্যবসা শুরু করতে ব্যাংকের কাছে আবেদন করলেন। তার সম্পর্কে ব্যাংকের কাছে ঋণ পরিশোধের কোনো আগের তথ্য নেই। ফলে তিনি ভালো গ্রাহক হবেন, নাকি খেলাপি হওয়ার ঝুঁকি রয়েছে, তা নির্ধারণ করা কঠিন। এ ধরনের পরিস্থিতিতে ব্যাংক গ্রাহকের ইউটিলিটি বিল পরিশোধের ইতিহাস, ব্যাংক হিসাবের লেনদেন, চাকরি বা ব্যবসার অভিজ্ঞতা এবং অন্যান্য আর্থিক তথ্য যাচাই করে। ব্যক্তিপর্যায়ে কার্যকর ক্রেডিট রেটিং ব্যবস্থা থাকলে এ সমস্যা অনেকটাই কমানো সম্ভব হতো।

ঋণ নেওয়ার প্রস্তুতি শুধু উদ্যোক্তার ব্যবসায়িক পরিকল্পনায় সীমাবদ্ধ নয়; তার নিজের আর্থিক সক্ষমতাও বুঝতে হবে। পুরো ব্যবসা নিজের মূলধনে করবেন, নাকি ব্যাংকঋণ নেবেন, তা নির্ভর করে ব্যবসার ধরন ও সম্ভাব্য আয়ের ওপর। ঋণ নেওয়ার আগে ভাবতে হবে, ব্যবসা প্রত্যাশা অনুযায়ী না চললে কীভাবে কিস্তি পরিশোধ করবেন। প্রয়োজনে ব্যবসা বা সম্পদ বিক্রি করে ব্যাংকের দায় মেটানোর সক্ষমতা আছে কি না, সেটিও হিসাব করতে হবে। বিচক্ষণ উদ্যোক্তা সেই ব্যক্তি, যিনি ব্যবসা শুরু করার পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনে সেখান থেকে বেরিয়ে আসার পথও ভেবে রাখেন।

যারা নতুন করে ব্যবসায় আসতে চান, তাদের জন্য চাকরির অভিজ্ঞতাকেও গুরুত্বপূর্ণ মনে করেন সৈয়দ মাহবুবুর রহমান। চাকরি একজন মানুষকে পেশাগত শৃঙ্খলা শেখায়। কীভাবে নথিপত্র তৈরি করতে হয়, প্রস্তাব লিখতে হয়, কাজের পরিকল্পনা করতে হয় এবং একটি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বুঝতে হয়—এসব অভিজ্ঞতা ব্যবসা পরিচালনায় কাজে লাগে। তাই সুযোগ থাকলে কয়েক বছর চাকরি করে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর ব্যবসা শুরু করা ভালো। যাদের পারিবারিক ব্যবসা রয়েছে, তাদেরও সরাসরি শীর্ষ পদে না বসে নিচের পর্যায় থেকে কাজ শেখার পরামর্শ দেন তিনি।

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার সঙ্গে পারিবারিক পরিকল্পনার সম্পর্কও রয়েছে। বড় অঙ্কের সঞ্চয়, বিনিয়োগ কিংবা ঋণের সিদ্ধান্তে পরিবারের সদস্যদের সম্পৃক্ত রাখা প্রয়োজন। কারও জীবনের লক্ষ্য হতে পারে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা, কারও লক্ষ্য অবসরজীবনে আর্থিক স্বচ্ছলতা। এসব পরিকল্পনা পরিবারের বাস্তবতা ও প্রয়োজনের সঙ্গে মিলিয়ে করতে হবে। অর্থের পরিকল্পনা একান্ত ব্যক্তিগত বিষয় হলেও বড় সিদ্ধান্তের প্রভাব অনেক সময় পুরো পরিবারের ওপর পড়ে।

প্রায় চার দশকের ব্যাংকিং অভিজ্ঞতার পরও ভবিষ্যৎ নিয়ে খুব দূরের পরিকল্পনা করতে চান না তিনি। তার কাছে বর্তমানের কাজটি ভালোভাবে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলে ভবিষ্যতের পথ তৈরি হয়।

আগামী ২০২৭ সালের অর্থনীতি নিয়েও তার মূল্যায়ন সতর্কতামূলক। আর্থিক খাতের চাপ, বিনিয়োগের ধীরগতি এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা সামনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্যাংকার ও বিনিয়োগকারী—উভয়কেই হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। আন্তর্জাতিক অর্থনীতির গতিপথ আগাম অনুমান করা কঠিন। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে ব্যাংকিং খাতের নেতৃত্বে থাকা সৈয়দ মাহবুবুর রহমান মনে করেন সম্পদ গড়তে রাতারাতি বড় অঙ্কের অর্থ কিংবা ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। নিয়মিত সঞ্চয়, নিজের সামর্থ্য বোঝা, বিনিয়োগের আগে হিসাব করা এবং ঋণের অর্থ উৎপাদনশীল কাজে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। চাকরি করলে নিজের কাজে দক্ষতা বাড়াতে হবে, ব্যবসা করলে বাজার ও অর্থের হিসাব বুঝতে হবে। কোটিপতি হওয়ার লক্ষ্যে অস্থির সিদ্ধান্ত নেওয়ার চেয়ে নিজের আর্থিক ভিত্তি শক্ত করা জরুরি। কারণ, অর্থ উপার্জনের পাশাপাশি সেই অর্থ ধরে রাখা এবং সঠিক সময়ে সঠিক কাজে ব্যবহার করতে পারাটাই শেষ পর্যন্ত সম্পদ গড়ে দেয়।

বিষয়:বিনিয়োগ ব্যাংক আমানত ব্যাংকিং খাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…