বাংলাদেশ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থী বহনকারী বাস ভাঙচুর, আশপাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তিন নারী শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুর পৌনে ১২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল ৮টার দিকে শ্রমিকরা কারখানায় এসে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কাজ বন্ধ করে ফ্লোরে অবস্থান নেন। পরে সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

এরপর শ্রমিকদের একটি অংশ কারখানার ১নং গেটের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা বাসটি ভাঙচুর করেন। এ ছাড়া পাশের দুটি ফ্যাক্টরিতে হামলার চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করেন।

তিনি আরও বলেন, এ সময় এক নারী শ্রমিক রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। অন্য দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। আহতদের চিকিৎসার জন্য নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ দুপুর বলেন, তিন নারী শ্রমিক পায়ে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকদের ওপর আজও আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

বিষয়:আশুলিয়া আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া টিয়ার শেল ধাওয়া-পাল্টাধাওয়া বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু শ্রমিক বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…