মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ ৪১ পোশাক কারখানা

ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভারের আশুলিয়ার পোশাকশিল্প এলাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কারখানায় হাজিরা দিয়েই বিক্ষোভে নামেন শ্রমিকরা। পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের পর একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এ সময় আশুলিয়ার চার থেকে পাঁচটি স্থানে বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিনের মজুরি নিয়ে অসন্তোষ আর জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপের মধ্যে শ্রমিকদের আন্দোলনে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে শিল্পাঞ্চলে।
শ্রমিক বিক্ষোভের কারণে যেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সিএসএল নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার যে দাবি করা হচ্ছে তা অস্বীকার করে তিনি বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি।
এদিকে মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশ্রমিকদের অসন্তোষ চলছে। তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সোমবার ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ। অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছে এক সপ্তাহ।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মালিকপক্ষের প্রতিনিধি এক সপ্তাহের সময় চেয়েছিলেন। এ বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন ব্রিফিংয়ে বলেন, শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ থাকায় সব মালিকদের পক্ষ থেকে প্রস্তাব পাননি তারা। এ কারণে এক সপ্তাহের সময় চাওয়া হয়েছে। অন্যদিকে শ্রমিক পক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকা প্রস্তাবের পক্ষে বিভিন্ন যুক্তি ও তথ্য তুলে ধরেন।
বৈঠক শুরুর আগে পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানায় শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট। একই সঙ্গে মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে তারা। পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পাঁচটি জোট এ স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাব দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিরা বলেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
এছাড়া বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়।






