পরিচালক অনুরাগ কাশ্যপ মঙ্গলবার ঘোষণা করেছেন তার জনপ্রিয় সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর ‘পার্ট ২’ আবার আসছে প্রেক্ষাগৃহে। ৩০ আগস্ট, শুক্রবার ছবিটি পুনরায় মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। কিন্তু কেন আবার মুক্তি পাচ্ছে এই ছবি?
মডার্ন ক্লাসিক-বলা হয় ছবিটিকে। ২০১২ সালে দুই পর্বে মুক্তি পেয়েছিল ‘গ্যাংস অব ওয়াসিপুর’। কিন্তু সালমানের ‘এক থা টাইগার’-এর জন্য মুক্তির মাত্র ৫ দিন পরেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয়েছিল ‘গ্যাংস অব ওয়াসিপুর’। সেকারণেই আবারও বড়পর্দায় নিয়ে আসা হচ্ছে ছবিটি।
৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বড় পর্দায় দেখা যাবে ছবিটি। সামাজিক মাধ্যমে এক পোস্টে অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘সবকা বদলা লেনে ফির আয়েগা তেরা ফাইজাল’। সাথে জুড়ে দিয়েছেন হলের তালিকা।
এর আগে এক পোস্টে অনুরাগ কাশ্যপ এবং ছবির গীতিকার বরুণ গ্রোভার সামাজিক মাধ্যমে ছবিটির পুনরায় মুক্তির খবর জানিয়েছেন। পাশাপাশি বরুণ জানান ছবিটি বড় পর্দায় ফেরানোর পেছনের কারণ। জানান ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পাঁচ দিন পরে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। সালমানের ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ যেহেতু ছিল আকাশছোঁয়া এবং প্রেক্ষাগৃহের মালিকেরাও সেই সুযোগ ছাড়তে চাননি, তাই ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ নামিয়ে ফেলা হয়েছিল।
২০১২ সালে মুক্তি প্রাপ্ত এই ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ মনোজ বাজপেয়ীকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাছাড়াও সঙ্গে ছিলেন তৎকালীন উদীয়মান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি এবং জয়দীপ আহলাওয়াত।
ঝাড়খণ্ডের ধানবাদের কাছে একটি ছোট শহর ওয়াসিপুরকে ছবির প্রেক্ষাপট হিসেবে তুলে ধরা হয়েছিল। ছবিতে মূলত অপরাধ ও খুনের সঙ্গে জড়িয়ে থাকা একটি কয়লা মাফিয়া পরিবারের তিন প্রজন্মের কাহিনী দেখানো হয়েছে।
‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর প্রথম অংশ ২২ জুন, ২০১২-এ মুক্তি পায়। দ্বিতীয় অংশটি ৮ আগস্ট, ২০১২-এ বড়পর্দায় মুক্তি পায়।








