জুলাই আন্দোলনের পর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের ধারণা বদলেছে। ৭৫ শতাংশ মানুষ মনে করেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। যেখানে ভারতের সাথে সম্পর্ক অবনতি হয়েছে বলে মনে করেন ৫৮ শতাংশ বাংলাদেশি।
আজ (১১ মার্চ) মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে প্রকাশিত হয় বাংলাদেশে চীনের জাতীয় ইমেজ নিয়ে সেন্টার ফর অল্টারনেটিভ পলিসি রিসার্চের জরিপের ফল। আর জরিপে উঠে আসে এমন তথ্য। অনুষ্ঠানে জরিপের ফলাফল উপস্থাপন করেন সেন্টার পর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে দেশের ৩২টি জেলায় ৫ হাজার ৩৫৫ জনের মধ্যে অনলাইন এবং অফলাইনে এই সমীক্ষা চালানো হয়। জুলাই অভ্যূত্থানের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক কেমন চলছে? জানতে চাইলে জরিপে ৬১ শতাংশ উত্তরদাতা ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আর নিরপেক্ষ মন্তব্য করেছেন ২৬ শতাংশ উত্তরদাতা।
দুই দেশের সম্পর্কের পাঁচ দশক পূর্তি এবং জুলাই-আগস্ট অভ্যূত্থানের প্রেক্ষাপটে জরিপটি চালানো হয়। এ নিয়ে সেন্টার পর অলটারনেটিভস ‘বাংলাদেশে চীনের জাতীয় ভাবমূর্তি’ শিরোনামে তৃতীয়বারের মত এ জরিপটি চালানো হয়েছে।









