সিঙ্গাপুরকে ‘শক্তিশালী’ ধরে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

বছরের শেষ সূচিতে ফিফা আন্তজার্তিক প্রীতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী জাতীয় দল। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে অধিনায়ক মারিয়া মান্দার দল। ফিফা র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে। সিঙ্গাপুর দলে যোগ হয়েছে বেশকিছু প্রবাসী খেলোয়াড়। তাই স্বাগতিকদের শক্তিশালী মনে করে খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা।
প্রতিপক্ষে প্রতি সম্মান রেখে সিঙ্গাপুরের শক্তির জায়গা প্রবাসী খেলোয়াড় নিয়ে বাংলাদেশের অধিনায়ক মারিয়া বলেন, ‘অবশ্যই, বিদেশি খেলোয়াড়রা অনেক শক্তিশালী হয়ে থাকে। ওই হিসেবে বিদেশি মানে অন্য দেশের প্লেয়াররা, যেখানে ওদের প্লেয়ার প্রবাসী আছে, শক্তিশালী তো হবেই। আমরা ধরে নিচ্ছি ওরা অনেক শক্ত প্রতিপক্ষ। সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি তাদের সাথে লড়াই করার জন্য।’
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বেশ শক্তিশালী অবস্থানে বাংলাদেশের মেয়েরা। মনিকা-রিতুপর্ণাদের অবস্থান টেবিলে ১০৬, অন্যদিকে সিঙ্গাপুরের মেয়েদের অবস্থান ৪১ ধাপ পরে ১৪এ।
দীর্ঘদিন পিটার বাটলারের সাথে অনুশীলনের পর দুই ম্যাচের জন্য একদম নতুন কোচ, কোনো পরিবর্তন আপনারা পাচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের কাপ্তান জানান, ‘আমরা খেলোয়াড় হিসেবে সবকিছু মানিয়ে নিতে হয়। আগে পিটার স্যারের কাছে আমরা অনুশীলন করেছিলাম, এখন নতুন কোচের কাছে অনুশীলন করছি। ওনারা যেরকমভাবে অনুশীলন করে তা অন্যরকমভাবে হতেই পারে কিছুটা, সব তো আর এক হবে না।’
‘সেই হিসেবে আমরা খেলোয়াড় হিসেবে যেটা আমাদের উচিত, যে কৌশলই আমাদের দেখাক আমরা সেই কৌশল নিয়েই আমরা প্রস্তুতি নেব এবং খেলব। সিঙ্গাপুর অনেক ভালো দল। ওই হিসেবে আমরা তাদের সাথে খেললে বুঝতে পারব আমাদের যে নেতিবাচক দিকগুলো বা যে সমস্যাগুলো। আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আগে চেষ্টা করব।’
বাংলাদেশের কোচ এরিক মারে এ প্রীতি ম্যাচের জন্য অধিনায়ক রেখেছেন মারিয়া মান্দাকে। দলে ভালো খেলোয়াড় আসা প্রসঙ্গে এরিক বলেন, ‘আপনাদের সবার সঙ্গে, সব সদস্য ও খেলোয়াড়দের সঙ্গে এখানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা ইতিমধ্যেই পরিস্থিতি জানেন, এটি কিছুটা বিশেষ ধরনের। তবে আমি বলতে চাই, মেয়েদের সঙ্গে, কোচিং স্টাফদের সঙ্গে এবং ফুটবল অ্যাসোসিয়েশনের যারা জাতীয় দলকে সমর্থন দিচ্ছেন, তাদের সবার সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। যেমনটা বললাম, আমরা আশা করি সিঙ্গাপুরে গিয়ে খুব ভালো কিছু করতে পারব। আমার মনে হয় আমাদের দলে ভালো মানসম্পন্ন ও নির্ভরযোগ্য খেলোয়াড় রয়েছে। অধিনায়ক হিসেবে মারিয়া আছে।’
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। দলটির বিপক্ষে প্রথম ম্যাচটি হবে ডিসেম্বরের ১ তারিখ, বিশান স্টেডিয়ামে যেখানে কোনো দর্শক থাকতে পারবে না। ক্লোজডোর ম্যাচটি হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। দ্বিতীয় ম্যাচটি হবে ৫ ডিসেম্বর। এ ম্যাচটি সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। এ ম্যাচটিও বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় হবে।





