আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে ভারতীয় কর্মীরা

এইচ-১বি ভিসাধারীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ আইবিএমের, বিপাকে ভারতীয় কর্মীরা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি প্রযুক্তি পেশাজীবীদের জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএম। প্রতিষ্ঠানটি তাদের পরামর্শক বিভাগ আইবিএম কনসালটিংয়ের অধিকাংশ পদের জন্য মার্কিন কর্মভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে প্রভাবিত কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে স্থানান্তরিত হয়ে কাজ করতে হবে, অন্যথায় ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি ছাড়তে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আইবিএমের সবচেয়ে বড় ব্যবসায়িক বিভাগ আইবিএম কনসালটিংয়ে বিশ্বজুড়ে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে কতজন কর্মী এই সিদ্ধান্তের আওতায় পড়বেন এবং তাদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে কর্মরত, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

আইবিএমের এই সিদ্ধান্ত বিশেষ করে এইচ-১বি কর্মভিসাধারী এবং স্থায়ী বসবাসের অনুমতিপত্রের অপেক্ষায় থাকা বিদেশি কর্মীরা বেশি অনিশ্চয়তায় পড়েছেন। যুক্তরাষ্ট্রে অনেক বিদেশি পেশাজীবী চাকরিদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মভিসা ও স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করে থাকেন।

প্রতিবেদন অনুযায়ী, অন্য দেশে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নিতে কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা বিদেশে স্থানান্তরের প্রস্তাব গ্রহণ করবেন না, তাদের তিন মাসের বিচ্ছেদকালীন আর্থিক সুবিধা দেওয়া হবে। আগামী ৩১ ডিসেম্বর তাদের শেষ কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

কেন ভিসা স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম?

ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে আইবিএম।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে আইবিএম যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য পরিচালিত ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল। তবে কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ কমছে।

তিনি বলেন, দক্ষ কর্মীর প্রাপ্যতা ও গ্রাহকদের চাহিদার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আইবিএম কনসালটিংয়ের অধিকাংশ পদের জন্য ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইবিএমের সব ব্যবসায়িক বিভাগে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। এটি মূলত প্রতিষ্ঠানটির পরামর্শক বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রে প্রযোজ্য।

২০২৪ সাল থেকে আইবিএমের পরামর্শক বিভাগের ব্যবসায়িক প্রবৃদ্ধি অনেকটাই স্থবির রয়েছে। অন্যদিকে রেড হ্যাট, হাশিকর্প ও কনফ্লুয়েন্টের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে সফটওয়্যারকেন্দ্রিক ব্যবসায় রূপান্তরের দিকে এগোচ্ছে আইবিএম।

কর্মীদের গন্তব্য হতে পারে ভারত

আইবিএমে চাকরি অব্যাহত রাখতে আগ্রহী কর্মীদের জন্য অন্য দেশে স্থানান্তরের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভারত অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম রেস্ট অব ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ১৯ নভেম্বর আইবিএমের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বাইরে পরামর্শক বিভাগে ১ হাজার ২৭৮টি শূন্য পদের তথ্য ছিল।

এর মধ্যে ভারতেই ছিল ১ হাজার ১২৫টি পদ। এ ছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি শূন্য পদ ছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রে পরামর্শক বিভাগে ৮৯টি শূন্য পদের তথ্য প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

এসব পদ যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য হওয়া কিছু কর্মীর জন্য চাকরি অব্যাহত রাখার সুযোগ তৈরি করতে পারে। তবে কতজন কর্মীকে বিদেশে কাজের সুযোগ দেওয়া হবে কিংবা নতুন পদে তাদের বর্তমান দায়িত্ব ও বেতন কাঠামো অপরিবর্তিত থাকবে কি না, তা নিশ্চিত করেনি আইবিএম।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত কর্মীদের জন্য দেশ পরিবর্তনের সিদ্ধান্ত বেতন, জীবনযাত্রা ও পারিবারিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনও ডেকে আনতে পারে।

মার্কিন ভিসানীতিতে বাড়ছে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র প্রশাসন যখন কর্মসংস্থানভিত্তিক অভিবাসন কর্মসূচির ওপর নজরদারি বাড়াচ্ছে, তখনই আইবিএমের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে।

এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত কাজে বিদেশি দক্ষ পেশাজীবীদের নিয়োগ দিতে পারে। এ কর্মসূচির অন্যতম বড় সুবিধাভোগী ভারতীয় প্রযুক্তি কর্মীরা।

তবে ট্রাম্প প্রশাসন এই ভিসা কর্মসূচিকে আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নির্দিষ্ট কিছু নতুন এইচ-১বি ভিসার আবেদনে এক লাখ ডলার ফি আরোপের প্রস্তাব এবং উচ্চ বেতনের পদকে অগ্রাধিকার দিয়ে ভিসা নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের উদ্যোগ রয়েছে।

কর্মসংস্থানভিত্তিক অভিবাসন কর্মসূচির কথিত অপব্যবহার নিয়েও বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করেছে মার্কিন প্রশাসন।

গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের মতো প্রযুক্তি ও সেবা প্রতিষ্ঠান স্থায়ী বসবাসের অনুমতিপত্র পাওয়ার গুরুত্বপূর্ণ পথ কর্মসংস্থানভিত্তিক শ্রম সনদ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে বিধিনিষেধের মুখে পড়ে।

ভারতীয় প্রযুক্তি কর্মীদের জন্য কী বার্তা?

আইবিএমের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় পেশাজীবীদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের ভিসা স্পনসরশিপের ওপর নির্ভরতা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।

নিয়োগপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনক্রুটারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অনিল আগরওয়াল এনডিটিভিকে বলেন, আইবিএমের সিদ্ধান্ত প্রযুক্তি খাতে চলমান বৃহত্তর পরিবর্তনের প্রতিফলন। গ্রাহকদের চাহিদা, শ্রমবাজার ও ব্যবসায়িক লক্ষ্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানগুলো নিয়োগ কৌশল পুনর্গঠন করছে।

তার মতে, নিয়োগদাতা প্রতিষ্ঠানের ভিসা স্পনসরশিপের ওপর নির্ভরশীল ভারতীয় কর্মীদের জন্য এ পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ।

পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে লাগানো যায়, এমন দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসারের সঙ্গে নতুন প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা, সমস্যা সমাধান এবং ব্যবসায়িক সুফল তৈরির যোগ্যতার চাহিদা আরও বাড়বে বলে মনে করেন তিনি।

অনিল আগরওয়াল আরও বলেন, প্রতিষ্ঠানগুলোর ভৌগোলিক নিয়োগ কৌশলে পরিবর্তন এলেও বিশ্বজুড়ে উচ্চদক্ষতাসম্পন্ন পেশাজীবীদের চাহিদা বজায় থাকবে।

বিষয়:আইবিএম এইচ-১বি ভিসাধারী বিপাকে ভারতীয় কর্মী যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…