আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এই হামলা হয় বলে স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মতবিরোধ রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হলো হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি।

ইসরায়েলের অভিযোগ, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও অস্ত্র সংগ্রহ করছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে। এসব অভিযোগের জবাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েল।

তবে হামাস ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েলই।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে ১ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, একই সময়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় তাদের চার সেনা নিহত হয়েছেন।

বিষয়:ইসরায়েল ইসরায়েলি বিমান হামলা গাজা নিহত ৫

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…