কেন গাজা সীমান্তে ফর্মুলা ওয়ানে সাতবারের চ্যাম্পিয়ন হ্যামিল্টন

ফর্মুলা ওয়ানের কিংবদন্তি রেসার লুইস হ্যামিল্টন অনেক আগের থেকেই ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজাবাসীর পাশে আছেন। এবার নিজেই গেলেন মিশরের উত্তরাঞ্চলীয় শহর এল-আরিশে, যা মূলত গাজা উপত্যকার সীমান্তে অবস্থিত। শহরটিতে তিনি গাজার জন্য পাঠানো মানবিক সহায়তা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও পরিদর্শন করতে গেছেন।
মঙ্গলবার মিশরে শহরটির উত্তর সিনাইয়ের গভর্নর খালেদ মেগাওয়ার ব্রিটিশ রেসিং ড্রাইভারকে স্বাগত জানান। তাকে মিশরীয় রেড ক্রিসেন্টের ত্রাণ গুদামগুলো ঘুরে দেখান। গভর্নরের কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিদর্শনের কিছু ভিডিও প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, গভর্নর মেগাওয়ার সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নকে ত্রাণ কার্যক্রম কীভাবে সমন্বয় করা হয় সে সম্পর্কে বলছেন।
ভিডিওতে হ্যামিল্টনকে ত্রাণকর্মীদের সাথে কুশল বিনিময় করতে দেখা যায়। রাফাহ সীমান্ত দিয়ে তারা কত ঘনঘন গাজায় প্রবেশ করতে পারছেন, তা জানতে চান। অক্টোবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, জীবন রক্ষাকারী ঔষধ, কৃত্রিম অঙ্গ (প্রস্থেটিক) এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী গাজায় পৌঁছাতে বারবার বিলম্ব ঘটায় ফিলিস্তিনিদের জন্য ‘ধ্বংসাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে, যাদের কাছে এই সামগ্রীগুলো অত্যন্ত জরুরি।
৪১ বর্ষী রেসিং ড্রাইভার আগে থেকেই মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ২০২১ সালে ‘মিশন ৪৪’ নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতে সহায়তা করা। ২০২২ সালে ব্রিটিশ সংবাদপত্রের বার্ষিক ‘গিভিং লিস্টে’ দানশীল ব্যক্তিদের তালিকায় হ্যামিল্টন পঞ্চম স্থানে ছিলেন। সেসময় জানা গিয়েছিল, প্রায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন তিনি।
তার পরিদর্শনের ঠিক আগেই গাজায় ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা আঘাত হেনেছিল। এতে চার শিশুসহ পাঁচজন নিহত হন। বন্যার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেইর আল-বালাহ শহরের দক্ষিণে অবস্থিত একটি বাস্তুচ্যুত মানুষের ক্যাম্পে বালির বাঁধ ধসে পড়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, সোমবার পর্যন্ত তারা ২,১০০টিরও বেশি জরুরি সহায়তা ডাক পেয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ২,০০০টিরও বেশি ভবন ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।






