গাজার শিশুদের চিকিৎসায় দেড় কোটির বেশি অনুদান তুললেন হামজা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী একটি দাতব্য অনুষ্ঠান আয়োজন করেছিলেন। গাজার যুদ্ধাহত শিশুদের চিকিৎসার জন্য আয়োজনটি ছিল। যা থেকে দেড় কোটি টাকার বেশি তুলেছেন। পুরো টাকা গাজার শিশুদের জন্য ব্যয় করা হবে, জানিয়েছেন তিনি।
শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডার ‘নুজুম স্পোর্টস’র সহযোগিতায় আয়োজিত দাতব্য অনুষ্ঠান থেকে এই অর্থ সংগ্রহ করেছেন হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, পুরো অর্থ গাজার শিশুদের চিকিৎসা সহায়তা প্রদানের ‘চিলড্রেন নট নাম্বারস’ চ্যারিটির মাধ্যমে ব্যয় করা হবে।
স্কাই স্পোর্টসের খবর, ২০২১ সালে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছিলেন হামজা। ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন বাংলাদেশ তারকা, লন্ডনে হওয়া নিলামে সেটি বিক্রি করেছেন ৭,০০০ হাজার ইউরোতে। ২০২১ সালে জেতা কমিউনিটি শিল্ড জয়ী মেডেলও নিলামে বিক্রি করেছেন, ৩,০০০ পাউন্ডে।
হামজা স্কাইকে বলেছেন, ‘আমি নুজুম স্পোর্টসের সাথে কাজ করতে পেরে গর্বিত। ‘চিলড্রেন নট নাম্বারস’র মতো একটি চমৎকার দাতব্য সংস্থার সাথে যুক্ত হতে পারা দারুণ ব্যাপার।’
হামজা ৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে দলের সাথে থাকতে পারবেন না। ফিফার আন্তর্জাতিক বিরতি এবং ক্লাবের ব্যস্ত সূচির কারণে এমন হচ্ছে। তবে ২৯ বর্ষী তারকাকে ছাড়াই বাংলাদেশ জিততে পারবে, আশা করছেন কোচ থমাস ডুলি। সাফে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে হামজাকে পাওয়া যাবে।






