ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩

ছবি: সংগৃহীত
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫০ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার হামলার তথ্য জানিয়ে একে চলমান যুদ্ধের অন্যতম প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা এলাকায় একটি বিদ্যালয় ভবনে অন্তত ৯টি বোমা ফেলে রুশ বাহিনী। ভবনটি বেসামরিক মানুষের আশ্রয়কেন্দ্র এবং মানবিক সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। স্থানীয় গভর্নর মিখাইলো সেমিকিন জানান, হামলায় ভবনটির নিচতলার সুরক্ষিত আশ্রয়কেন্দ্র ধসে পড়ে এবং সেখানে আগুন ছড়িয়ে যায়।
গত বছর ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ভবনটির নিচে শক্তিশালী বেসমেন্ট নির্মাণ করা হয়েছিল। যুদ্ধের মধ্যেও শিক্ষাকার্যক্রম চালু রাখার উদ্দেশ্যে তৈরি ওই আশ্রয়কেন্দ্রটি হামলা মোকাবিলার উপযোগী করে নির্মাণ করা হয়। তবে বোমার প্রচণ্ড আঘাতে কংক্রিটের কাঠামো ভেঙে পড়ে। যুদ্ধ তীব্র হওয়ায় ওই এলাকার অনেক বাসিন্দা আগেই অন্যত্র চলে গিয়েছিলেন। বর্তমানে ভবনটি বিদ্যালয় হিসেবে নয়, বরং প্রশাসনিক ও মানবিক সহায়তা কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
জেলেনস্কি জানান, আশ্রয়কেন্দ্রে হামলার কিছুক্ষণ পরই ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রাশিয়া। এ সময় শত শত ড্রোনের পাশাপাশি শক্তিশালী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানালেও এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।






