আন্তর্জাতিক

যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল

যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাথমিক ফল আসতে শুরু করবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর, বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা থেকে। তবে শুরুতেই পাওয়া ফলাফলের ভিত্তিতে নির্বাচনের সামগ্রিক চিত্র বোঝা কঠিন হবে। কারণ যেসব এলাকার ফল আগে প্রকাশিত হবে, সেগুলোর কিছুতে নির্দিষ্ট দলের জয়ের সম্ভাবনা আগে থেকেই বেশি বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ নজর থাকবে পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যের সিনেট আসনের দিকে। এসব আসনে দুই দলের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ওহাইওতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) এবং মেইনে রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা) ভোটকেন্দ্র বন্ধ হবে। এসব আসনের ফলাফল থেকে ভোটারদের মনোভাব সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ৪৩৫টি আসনের সবগুলোতে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হচ্ছে। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নরসহ গুরুত্বপূর্ণ পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকান পার্টির হাতে। তবে ডেমোক্র্যাটরা দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে পারলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্তে বাধা দেওয়ার সুযোগ পাবেন ডেমোক্র্যাটরা। একই সঙ্গে প্রেসিডেন্ট ও তাঁর প্রশাসনের কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে তদন্ত পরিচালনার ক্ষেত্রেও বাড়তি ক্ষমতা পাবেন তাঁরা।

এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি দুই বছর মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। তবে সব আসনের চূড়ান্ত ফল জানতে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট দিচ্ছেন লাখো ভোটার। বাংলাদেশ সময় বিকাল ৪টার পর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভারমন্টের একটি ভোটকেন্দ্র প্রথম খুলে দেওয়া হয়। এরপর স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকাল ৫টা) কানেকটিকাট, ইন্ডিয়ানা, কেনটাকি, মেইন, নিউ জার্সি, নিউইয়র্ক ও ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়।

বিষয়:ডেমোক্র্যাটিক পার্টি প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টি হাউস অব রিপ্রেজেন্টেটিভস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…