আন্তর্জাতিক

একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট

একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন ঘটেছে। প্রযুক্তিগত ত্রুটি, বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়েছে। কোথাও কোথাও ভোটকেন্দ্রের সময়সীমাও বাড়ানো হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টির বিভিন্ন ভোটকেন্দ্রে নতুন নিরাপত্তাব্যবস্থার একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভোটগ্রহণ শুরু হতে ২০ মিনিট দেরি হয়। ভোটকেন্দ্র খোলার সময় ওই নিরাপত্তাব্যবস্থাটি ঠিকমতো কাজ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিকে নর্থ ক্যারোলাইনার সাতটি কাউন্টিতে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে অঙ্গরাজ্যটির নির্বাচন বোর্ড। এসব এলাকায় ব্যাপক প্রযুক্তিগত সমস্যার খবর পাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতেও ভোট গণনার যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। নির্বাচনী সরঞ্জামের প্রাথমিক প্রস্তুতি ও পরীক্ষা শেষ হওয়ার পর ভোটসংক্রান্ত প্রোগ্রাম হালনাগাদ করায় এ সমস্যা তৈরি হয়েছে। ফলে যন্ত্রগুলো কাগজের ব্যালট গ্রহণ করতে পারছে না। তবে নির্বাচন বোর্ড জানিয়েছে, যন্ত্রে গণনা করা সম্ভব না হলেও সব ব্যালট গণনা করা হবে।

অন্যদিকে অ্যারিজোনার মারিকোপা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে বিদ্যুৎ চলে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পেনসিলভানিয়ার কয়েকটি কাউন্টিতেও ভোটের সময় বাড়ানো হয়েছে। ভোট গণনার যন্ত্র স্থাপন ও প্রস্তুতিতে সমস্যার কারণে এসব এলাকায় ভোটকেন্দ্রের সময়সীমা অতিরিক্ত ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

বিষয়:বিদ্যুৎ বিভ্রাট ভোটগ্রহণে বিঘ্ন যন্ত্রে ত্রুটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…