আন্তর্জাতিক

নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে

নিউইয়র্কে ভোটযন্ত্রে ত্রুটি, ব্যালট গণনা হবে হাতে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্টচেস্টার কাউন্টির ভোটকেন্দ্রগুলোতে কাগজের ব্যালট গ্রহণ করতে পারছে না ভোট গণনার যন্ত্র। তবে যন্ত্রে পড়তে না পারা কোনো ব্যালটই বাদ দেওয়া হবে না। সব ভোট গণনা করা হবে বলে জানিয়েছে কাউন্টির নির্বাচন বোর্ড।

ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক বিবৃতিতে ওয়েস্টচেস্টার কাউন্টি বোর্ড অব ইলেকশনস জানায়, কাউন্টির বিভিন্ন ভোটকেন্দ্রে স্থাপিত ভোট গণনার যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে যন্ত্রগুলো কাগজের ব্যালট গ্রহণ করতে পারছে না।

পরে দেওয়া আরেক বিবৃতিতে সমস্যার কারণ ব্যাখ্যা করে বোর্ড জানায়, নির্বাচনের প্রাথমিক পরীক্ষার পর ভোটসংক্রান্ত প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছিল। একটি পৌর এলাকার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় পরিবর্তনের কারণে নতুন করে প্রোগ্রাম হালনাগাদ করা হয়। সংশ্লিষ্ট এলাকায় আগাম ভোট ও নির্বাচনের দিনের জন্য ব্যবহৃত যন্ত্রগুলোতে নতুন প্রোগ্রাম পরীক্ষা করে চালু করা হলেও কাউন্টির অন্য এলাকার ভোটযন্ত্রগুলো আগের প্রোগ্রামেই থেকে যায়। ফলে নির্বাচনের দিনের ব্যালটগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারছে না সেসব যন্ত্র।

নিউইয়র্কের রিপাবলিকান প্রতিনিধি মাইক ললার বলেন, ব্যালটের পুরুত্ব এবং ভোট গণনার যন্ত্রের বিন্যাসের মধ্যে অসামঞ্জস্যের কারণে এ সমস্যা তৈরি হয়েছে। তার নির্বাচনী এলাকার বড় একটি অংশ ওয়েস্টচেস্টার কাউন্টির অন্তর্ভুক্ত।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ললার প্রথম ভোটারদের এ সমস্যার কথা জানান। তিনি বলেন, কাউন্টির সব ব্যালট স্ক্যানারে সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি ব্যালটের কারণে, নাকি যন্ত্রের ত্রুটির কারণে হয়েছে, তা তখনো নিশ্চিত হওয়া যায়নি। নির্বাচন বোর্ড সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে সমস্যার সমাধানের চেষ্টা করছে।

একই সঙ্গে ভোটারদের ভোটকেন্দ্রের লাইন ছেড়ে না যাওয়ার আহ্বান জানান তিনি। ললার বলেন, সব ব্যালট গণনা করা হবে। তাই ভোটারদের যথাযথভাবে ভোট দিয়ে তবেই কেন্দ্র ছাড়তে হবে।

এদিকে ওয়েস্টচেস্টারের একাধিক ভোটার জানিয়েছেন, যন্ত্রে গ্রহণ না করা কাগজের ব্যালটগুলো সংগ্রহ করে লাল বা কমলা রঙের ব্যাগে রাখা হচ্ছে। মাইক ললারও এ পদ্ধতির বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্টির নির্বাচন বোর্ড জানিয়েছে, যেসব ব্যালট ভোট গণনার যন্ত্রে প্রক্রিয়া করা যাচ্ছে না, সেগুলো নির্ধারিত কমলা রঙের জরুরি ব্যালট ব্যাগে রাখা হবে। এসব ব্যালট নিরাপদে সংরক্ষণ ও পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। পরে সেগুলো গণনা করা হবে। একই সঙ্গে ভোটারদের নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাগজের ব্যালটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বোর্ড।

বিষয়:ওয়েস্টচেস্টার কাউন্টি ব্যালট গণনা ভোটযন্ত্রে ত্রুটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…