ফুটবল

৩ লাল কার্ডের ম্যাচে হার এড়াল বার্সা

বার্সেলোনা খেলোয়াড় গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা দলের খেলোয়াড় গোলের পর উল্লাসে মেতে উঠেছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের খেলা শেষের পর নিশ্চিত পরাজয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল বার্সেলোনা। যোগ করা সময়ে লুক ডি জংয়ের হেডে করা গোলে কোনোরকমে হার এড়ায় ব্লুগ্রানা।

রোববার রাতে আরসিডিই স্টেডিয়ামে হওয়া ডার্বি ম্যাচে এস্পানিওলের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সা মাঠ ছাড়ে। উত্তেজনাপূর্ণ খেলা শেষের আগে যোগ করা সময়ে রেফারি তিন খেলোয়াড়কে দেখান লাল কার্ড।

এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের চারে উঠেছে জাভির দল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৯। সমান ম্যাচে একই পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পাঁচে নেমে গেছে অ্যাটলেটিকো।

২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। চার পয়েন্ট পিছিয়ে থাকা সেভিয়া দুই নম্বরে রয়েছে। ৪৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল বেটিস।

খেলা শুরুর পর দ্বিতীয় মিনিটেই বার্সেলোনা গোল করে বসে। জর্ডি আলবার পাসে বলে নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান পেদ্রি।

৪০ মিনিটের মাথায় রাউল ডি টমাসের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করে এস্পানিওলকে সমতায় ফেরান সার্জি ডার্দের।

বিরতির পর ৬৬ মিনিটে সার্জি ডার্দেরের বাড়ানো বল পেয়ে রাউল ডি টমাস নিশানাভেদ করলে পিছিয়ে পড়ে বার্সা।

হার এড়াতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা, জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ের খেলা শেষের পর দুই দলের খেলোয়াড়রা নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি। লাল কার্ড দেখেন বার্সার জেরার্ড পিকে ও এস্পানিওলের নিকোলাস মেলামেড।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আডামা ট্রাওরের ক্রসে বল নিয়ে হেডে গোল করে বার্সাকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা করেন লুক ডি জং।

বার্সার সমতাসূচক গোলের পর মানু মোরনালেস লাল কার্ড দেখলে নয়জনের দল নিয়ে খেলা শেষ করে এস্পানিওল।

বিষয়:এস্পানিওল ডি জং বার্সা বার্সেলোনা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…