করোনা ভাইরাস আতঙ্কে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সব ম্যাচ। সঙ্গে খারাপ খবর হচ্ছে, সংক্রমণের ভয়ে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে রিয়াল মাদ্রিদের পুরো ফুটবল ও বাস্কেটবল দলকে।
এর আগে স্পেনের সমস্ত খেলাধুলা বাতিল করা হলেও লা লিগা ও সেগুন্দা বি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল লিগা কর্তৃপক্ষ। জোর সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা।
রিয়াল মাদ্রিদের কয়েকজন বাস্কেটবল খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ায় অনেকটা জোর করেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল খেলোয়াড়দের।
দুই খেলার খেলোয়াড়রা একই কমপ্লেক্স ব্যবহার করেন। স্প্যানিশ মিডিয়ার খবর, বাস্কেটবল খেলোয়াড়দের দেহে করোনা সনাক্তের পর আতঙ্ক ছড়িয়েছে স্পেনে। এই খবরেই স্থগিত করা হয়েছে লা লিগা।
‘আগামী দুই সপ্তাহের জন্য লিগ স্থগিত করা হল। ক্লাবের খেলোয়াড়দের কোয়ারেন্টিন সম্পন্ন হওয়ার পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।’







