ব্যক্তিজীবনে সাফল্যের গল্প নিয়ে বক্তৃতার অনুষ্ঠান ‘টেড টক’। এবার এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রণ পান বলিউডের সুপারস্টার শাহরুখ খান। আর তাই গল্পের ঝুড়ি নিয়ে তিনি কানাডায় উড়াল দিয়েছিলেন গত মঙ্গলবার। গত বুধবার রাতে কানাডার ভ্যাংকুভার শহরে হাজার হাজার শ্রোতাকে মাতালেন তার কথা শুনিয়ে। শোনালেন রূপালী পর্দার নায়ক হিসেবে তার জীবনের নানা গল্প আর সংগ্রামের কথা।
টেড টকে বিশ্বের বিভিন্ন প্রান্তের সফল মানুষদের আমন্ত্রণ জানানো হয় কথা বলার জন্য। সেখানে বক্তারা সবাইকে প্রেরণা দেন, বড় কিছু করার স্বপ্ন দেখান সবাইকে।
শাহরুখও সে পথেই হাটলেন। শোনালেন তার উত্থানের গল্প। আর বর্তমান সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যুগের কথা। যখন মানুষ অনেকটাই ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
শাহরুখের কথা শোনার জন্য ভিড় ছিল টেড সেন্টারে। হাজার হাজার দর্শক ঠাসাঠাসি করে ভিড় জমায় তাকে দেখার জন্য, তার গল্প শোনার জন্য। অনেক বছর ধরে শাহরুখ নিজেও নাকি টেড টকের দারুণ ভক্ত। এই প্ল্যাটফর্মের দারুণ সব বক্তৃতা আর আইডিয়া তাকেও মুগ্ধ করেছে।
সম্প্রতি ভারতের টেলিভিশনেও শুরু হতে যাচ্ছে ‘টেড টক ইন্ডিয়া’। আর এটি সঞ্চালনা করবেন শাহরুখ খান নিজেই। পুরো ব্যাপারটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, অনেকেই আছেন যারা তাদের ভাবনাগুলো ছড়িয়ে দিতে চায়। এদিকে কানাডার টেড টকের প্রযোজক অ্যান্ডারসন ‘টেড টক ইন ইন্ডিয়া’কে তাদের সংস্থার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবেই মনে করছেন।
‘টেড টক’ টুইটারে হ্যাশ ট্যাগে শাহরুখ খানের ছবির সাথে পোস্ট করে, ‘নিজের শক্তিকে আপনি কোনো কিছু ধ্বংস করতেও ব্যবহার করতে পারেন, আবার লক্ষ লক্ষ মানুষের কাছে আলো ছড়িয়ে দেওয়ার জন্যও ব্যবহার করতে পারেন।’ হিন্দুস্তান টাইমস।








