আন্তর্জাতিক

ওপেক ছাড়তে ভেনেজুয়েলা ও ইরাককে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

ওপেক ছাড়তে ভেনেজুয়েলা ও ইরাককে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

চলতি বছরের শুরুর দিকে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যেতে ভেনেজুয়েলা ও ইরাককে উৎসাহিত করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমনকি ভেনেজুয়েলাকে সংস্থাটির বার্ষিক সদস্য ফি পরিশোধেও বাধা দিয়েছিল ওয়াশিংটন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা ও ইরাকে তেল উৎপাদন এবং মার্কিন বিনিয়োগ বাড়াতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে ওপেকের নির্ধারিত উৎপাদনসীমা এই পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা ছিল মার্কিন কর্মকর্তাদের।

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপের মুখে চলতি বছরের মাঝামাঝি সময়ে হস্তক্ষেপ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার মধ্যস্থতায় এ বিষয়ে আর চাপ না দিতে সম্মত হয় ট্রাম্প প্রশাসন।

ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি
ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। ছবি: সংগৃহীত।

 

অন্যদিকে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি সরকারের এক বৈঠকে ওপেক ছাড়ার প্রস্তাব তোলেন। তবে দেশটির তেল মন্ত্রণালয়ের বিরোধিতায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। জোট ছাড়ার পরিবর্তে তেল উৎপাদনের কোটা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বাগদাদ।

ওপেক ছাড়তে ভেনেজুয়েলা ও ইরাককে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলা ও ইরাকের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তহবিলের নিয়ন্ত্রণ নেয় ওয়াশিংটন। অন্যদিকে, ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে দেশটির তেল বিক্রির অর্থ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ভেনেজুয়েলাকে ওপেকের সদস্য ফি পরিশোধে বাধা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো জবাব দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে দেশটির রাষ্ট্রীয় তহবিল ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, নিম্নপর্যায়ের কর্মকর্তারা ভেনেজুয়েলার সঙ্গে ওপেক ছাড়ার বিষয়ে আলোচনা করে থাকতে পারেন। তবে উচ্চপর্যায়ে এমন কোনো আলোচনা হয়নি। ইরাকের সঙ্গেও মূলত জ্বালানি অবকাঠামো ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

ওপেকের প্রতিটি সদস্য দেশকে বছরে প্রায় ২৮ লাখ ইউরো বা ৩০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার সদস্য ফি পরিশোধ করতে হয়। তবে এই অর্থ পরিশোধ না করায় ভেনেজুয়েলাকে বহিষ্কারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওপেকের দুটি সূত্র।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ওপেকের ঐক্যকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত কাতার, ইকুয়েডর, অ্যাঙ্গোলা ও সংযুক্ত আরব আমিরাত জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে ওপেকের অংশীদারত্বও কমেছে।

ওপেক ছাড়তে ভেনেজুয়েলা ও ইরাককে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত।

১৯৬০ সালে ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভেনেজুয়েলার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ওপেক। বর্তমানে সংস্থাটির সদস্যসংখ্যা ১১। দীর্ঘদিন ধরে কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে রাখার অভিযোগে সংস্থাটির সমালোচনা করে আসছেন ট্রাম্প।

গত এক দশকে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। একসময়ের তেল আমদানিকারক দেশটি এখন বিশ্ববাজারে ওপেকের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী।

বিষয়:ইরাক ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি ওপেক নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগদাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…