স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করছে: ভূমিমন্ত্রী

ছবি: সংগৃহীত
রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন ও জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। এরই অংশ হিসেবে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল ভবিষ্যতে শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মানবসেবার মহান ব্রত নিয়ে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। শতবর্ষের এ গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শত বছর ধরে খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রতিটি মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠানটির ভূমিকা সত্যিই অনুকরণীয়।
চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস মানখিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল। আরও বক্তব্য দেন রাসিকের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও সুধীজন উপস্থিত ছিলেন।



