জনপদ

পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি, টহলে বিশেষ যান

পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি, টহলে বিশেষ যান

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ড্রোন, সিসিটিভি ক্যামেরাসহ বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)। সীমান্তবর্তী বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে মাইকিং।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তের ১৩৬ কিলোমিটার এলাকায় দিন-রাত এ বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় সীমান্ত এলাকার গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি করা হচ্ছে। দুর্গম এলাকায় টহল দিতে ব্যবহার করা হচ্ছে এটিভি।

একই সঙ্গে সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও সচেতনতামূলক সভা করছে বিজিবি। এসব কার্যক্রমে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা ও সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় সতর্ক রয়েছে।

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নজরদারি, টহল ও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:পঞ্চগড় সীমান্ত পঞ্চগড়-১৮ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…