মিয়ানমারের রাখাইন প্রদেশের মুসলিম অধিবাসীদেরকে এখন থেকে আর ‘রোহিঙ্গা’ নামে ডাকা যাবে না। ‘রোহিঙ্গা’ শব্দের বদলে ‘ইসলামে বিশ্বাসী জনগোষ্ঠী’ হিসেবে পরিচিত হবেন তারা।
দেশটির মুসলিম অধিবাসীদের পরিচয়কে খাটো করা অপমানসূচক ‘রোহিঙ্গা’ শব্দটি সরকারিভাবে নিষিদ্ধ করে, এই নির্দেশনা জারি করেছে অং সান সু চি’র নতুন সরকার।
দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাতের শিকার মিয়ানমারের এই জনগোষ্ঠীর পক্ষে সরব হয়েছে সাড়া বিশ্ব, নড়েচড়ে বসেছে জাতি সংঘ। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে জাতি সংঘের বিশেষ প্রতিনিধি ইয়াংহি লি মিয়ানমার সফর করবেন।
বৌদ্ধ সংখ্যা গরিষ্ঠের দেশটিতে সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে রাখাইন প্রদেশের মুসলিমরা। নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। এমন পরিস্থিতিতে মিয়ানমারের সংঘটিত এসব ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি উচ্চারণ করে জাতি সংঘ।
তাই জাতি সংঘের বিশেষ প্রতিনিধির এ সফর সামনে রেখেই মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে নতুন নির্দেশনা জারি করে সু চি নেতৃত্বাধীন নতুন সরকারের তথ্য মন্ত্রণালয়।







