আন্তর্জাতিক

বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের বিশেষ দূত

বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতিসংঘের বিশেষ দূত

সংগৃহীত

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করতে কোস্টারিকায় গিয়েছিলেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ। তবে দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে বসেই ভার্চ্যুয়ালি সম্মাননা গ্রহণ করেন তিনি। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে কোস্টারিকা সরকার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আলবানিজকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয় কোস্টারিকা বিশ্ববিদ্যালয়। এই সম্মাননা গ্রহণ করতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দেশটির রাজধানী সান হোসে পৌঁছান তিনি। তবে তাকে প্রবেশের অনুমতি দেয়নি অভিবাসন কর্তৃপক্ষ।

প্রবেশের অনুমতি না পেলেও নির্ধারিত সময়েই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে বসে ভিডিও সংযোগের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন আলবানিজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে উপস্থিত ব্যক্তিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

সম্মাননা গ্রহণের বক্তব্যে আলবানিজ বলেন, ‘কোস্টারিকা সরকার সন্ত্রাসবাদের সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে, এতে আমি গভীরভাবে ক্ষুব্ধ। স্পষ্ট করে বলতে চাই, মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।’

বিমানবন্দরে দুই রাত কাটানোর পর শনিবার (২৮ নভেম্বর) মেক্সিকোর উদ্দেশে রওনা হন ইতালীয় এই আইনজীবী।

কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের প্রধান ওমের বাদিয়া এক ভিডিও বার্তায় দাবি করেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কথিত সংশ্লিষ্টতার কারণে আলবানিজের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা জারি রয়েছে। এ কারণে তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

আলবানিজ বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।

আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা

আলবানিজকে প্রবেশের অনুমতি না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। কোস্টারিকার দীর্ঘদিনের মানবাধিকার রক্ষার অঙ্গীকারের সঙ্গে এ সিদ্ধান্তের সামঞ্জস্য খুঁজে পাওয়া কঠিন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশটির সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেছেন, এ ঘটনা আগামী বহু বছর কোস্টারিকা সরকারের জন্য লজ্জার কারণ হয়ে থাকবে।

শান্তিতে নোবেল বিজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস বিমানবন্দরে গিয়ে আলবানিজের সঙ্গে দেখা করেন। তিনিও সরকারের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

এ ছাড়া দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মানবাধিকার সংগঠন এ ঘটনার সমালোচনা করেছে। সরকারের সিদ্ধান্তের আইনি ভিত্তি ব্যাখ্যা করার দাবি জানিয়েছে কোস্টারিকা বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে, কোস্টারিকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। আলবানিজের বিরুদ্ধে ইসরায়েলবিরোধী অপপ্রচার ও সন্ত্রাসী সংগঠনকে বৈধতা দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

২০২২ সাল থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের দায়িত্ব পালন করছেন ফ্রান্সেসকা আলবানিজ। গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের কঠোর সমালোচক হিসেবে পরিচিত তিনি। ২০২৪ সালের শুরু থেকে ইসরায়েলেও তার প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) সমর্থন দেওয়ার কারণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

তবে আলবানিজের বক্তব্য, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দুর্দশা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরাই তার দায়িত্ব।

বিষয়:জাতিসংঘ জাতিসংঘের বিশেষ দূত জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…