আগামী দলবদলে দুজন খেলোয়াড়কে নাকি খুব করে চাচ্ছেন লিওনেল মেসি। একজন তার প্রিয় বন্ধু ও ক্লাবের সাবেক ফরোয়ার্ড নেইমার। আরেকজনও বিশেষ পছন্দ, জাতীয় দল সতীর্থ লৌতারো মার্টিনেজ। ভবিষ্যতের কথা চিন্তা করে বার্সেলোনা অধিনায়কের এ পরামর্শের কথা জানিয়েছে কাতালোনিয়ান পত্রিকা দায়ারিও স্পোর্ত।
নেইমারকে পাওয়ার জন্য বিগত মৌসুম থেকেই চাপ দিচ্ছেন মেসি। বার্সারও বিষয়টা মাথায় আছে। গত গ্রীষ্মকালীন দলবদলে ব্যর্থ হলেও ক্লাবটি এবার পাখির চোখ করে আছে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দিকে।
অন্যদিকে মেসির আশীর্বাদের হাত আছে মার্টিনেজের উপরও। লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে ইন্টার মিলানের ২২ বছর বয়সী ফরোয়ার্ডকে পেতে বার্সা অধিনায়ক বেশ কিছুদিন থেকেই চাপ দিয়ে যাচ্ছেন ক্লাবকে। জাতীয় দলে একসঙ্গে খেলার সুবাদে দুজনের বোঝাপড়াও বেশ ভালো। ভবিষ্যতের কথা বিবেচনায় ক্লাবও ইতিবাচক।
চাইলেই তো হবে না, লাগবে টাকাও। সঙ্গে আছে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের চোখ রাঙ্গানি। সেই হুমকি আর টাকার খোঁজ করতে বার্সা কোপ মারতে পারে অ্যান্টনিও গ্রিজম্যানের উপর। দায়ারিও স্পোর্ত বলছে, গত মৌসুমে ১২০ মিলিয়ন ইউরো খরচ করে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আনা ফরাসি তারকার জন্য ১০০ মিলিয়ন ইউরো দাম ঠিক করে দিয়েছে বার্সা। অর্থাৎ, এই পরিমাণ অর্থ ঢালতে পারলেই চোখ বন্ধ করে গ্রিজম্যানকে নিয়ে যেতে পারে যেকোনো ক্লাব।
গ্রিজম্যানকে বিক্রির অর্থ দিয়ে ইন্টার থেকে মার্টিনেজকে কিনতে চায় মেসির দল। তাতে অর্থেরও একটা ব্যবস্থা হল, আবার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের হুমকিতে পড়তে হল না।
প্রশ্ন হল মাত্র এক মৌসুম খেলিয়েই কেন গ্রিজম্যানকে ছেড়ে দিতে চায় বার্সা? এক্ষেত্রে উত্তর, ফরাসি ফরোয়ার্ডের বয়স ও পারফরম্যান্স। করোনাভাইরাসের কারণে থমকে থাকা লিগে আহামরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি ২৮ বছর বয়সী তারকা।
গ্রিজম্যান সবমিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেছেন মাত্র ১৪টি। মেসির সঙ্গে খুব একটা জমেওনি তার। আবার আগামী মৌসুমে তার বয়স হয়ে যাবে ২৯, সেই হিসেবে ২২ বছর বয়সী মার্টিনেজ হতে পারেন লম্বা রেসের ঘোড়া। সবদিক বিবেচনায় গ্রিজম্যানকে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিতে পারে বার্সেলোনা!







