অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনে শঙ্কা ছিল বৃষ্টির। বৃষ্টির কারণে গড়ায়নি প্রথম সেশন। দ্বিতীয় সেশনে খেলা শুরু হলেও চা বিরতিতে যাওয়ার পর আবারও বৃষ্টির হানায় বন্ধ করতে হয়েছে লড়াই। বৃষ্টিবিঘ্নিত দিনে সেঞ্চুরি করেছেন মার্নাশ লাবুশেন। এখনও ৬১ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। হাতে উইকেট ৫টি।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয় পৌনে তিনটায়। দ্বিতীয় সেশনে খেলা চলে ঠিকঠাক। ৪ উইকেটে ১১৩ রানে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া খেলা বন্ধ হওয়ার আগে ৫ উইকেটে তোলে ২১৪ রান।
অস্ট্রেলিয়া এদিন ১০১ রান সংগ্রহ করে। হারিয়েছে একটি উইকেট। জো রুটের বলে জনি বেয়ারেস্টার কাছে ক্যাচ দিয়ে ফেরেন লাবুশেন। ১৭৩ বলে ১১১ রান করে ফেরেন তিনি।
ম্যানচেস্টার টেস্টের পঞ্চম ও শেষদিন শুরু করবেন ৩১ রান করা মিচেল মার্শ ও তিন রানে অপরাজিত থাকা ক্যামেরুন গ্রিন। রোববারও রয়েছে বৃষ্টির শঙ্কা।
এরআগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে থামায় ইংল্যান্ড। জবাবে নেমে প্রথম ইনিংসে ২৭৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন ৫৯২ রানে অলআউট হয় স্বাগতিক দল।








