বিয়ের পিঁড়িতে সোনম, উপস্থিত গোটা বলিউড!
সোনম-আনন্দের বিয়ে সম্পন্ন

দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে আজ আনন্দ আহুজার সঙ্গে মালা বদল করছেন ‘নিরজা’ খ্যাত বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সোনমের বিয়ে উপলক্ষ্যে গত কয়েকদিন ধরেই কাপুর পরিবারে হই চই লেগেই আছে। রবিবার থেকেই রঙ বেরঙের আলোকসজ্জায় বর্ণিল অনীল কাপুরের পুরো বাড়ি!
আনুশকা শর্মার পর বি-টাউনের সবচেয়ে জমকালো বিয়ে দেখার অপেক্ষায় ভারতীয়রা। এরই মধ্যে গতকাল সানটেক, সিগেনচার আইল্যান্ড বিকেসি হলে অনুষ্ঠিত হয়েছে তার মেহেদি সন্ধ্যা। আর আজ তার বিয়ে।
সোনমের বিয়ের পোশাকটি কে তৈরি করছেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা। শোনা যাচ্ছিল, ব্রিটিশ কোনো ডিজাইনারের তৈরি পোশাক পরবেন তিনি। অবশেষে কৌতূহল মেটালেন সোনম নিজেই।
জানালেন, থ্রি ‘এ’-র তৈরি পোশাকে সেজেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। থ্রি ‘এ’ অর্থাৎ আবু-জানি সন্দীপ খোসলা, অনামিকা খান্না এবং অনুরাধা বকিল বানিয়েছেন তার বিশেষ পোশাকটি। যদিও সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার লেহেঙ্গায় সেজে মন ভরিয়েছিলেন আনুশকা শর্মা। এবার দেখার পালা, সোনম সেই দুর্দান্ত লুক ছাপিয়ে যেতে পারেন কিনা।







