‘মিশন ডিডিএলজে’র আন্তর্জাতিক স্বীকৃতি, জিতল তিন পুরস্কার

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল অরিজিনাল ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। নব্বই দশকের বলিউডের জনপ্রিয় সিনেমা শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)-র নস্টালজিক আবহে নির্মিত কনটেন্টটি মুক্তির পর রেকর্ড পরিমাণ দর্শক উপভোগ করেন। এ কারণে সংশ্লিষ্টরা কন্টেন্টটিকে সফল বলে দাবি করছেন।
শুধু তাই নয়, মুক্তির পর দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচকরাও রোম্যান্টিক কমেডি ঘরানার গল্পে নির্মিত ‘মিশন ডিডিএলজে’ দেখে প্রশংসা করেন। আইএমডিবি রেটিংয়ে ১০-এ ৭.৩ দেখা যাচ্ছে।
সেই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এর নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। সাথে সাথে নির্মাতা জানালেন, আরও এক সুখবর। বললেন, নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড (এনআইএফএ) ‘মিশন ডিডিএলজে’ চারটি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটিতে পুরস্কার জিতেছে। পুরস্কার বিজয়ী বিভাগ তিনটি হলো: সেরা রোমান্স চলচ্চিত্র, সেরা কমেডি চলচ্চিত্র এবং সেরা পরিচালক ফিচার ফিল্ম।

নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, এই অর্জনের পেছনে পুরো টিমের অবদান অনেক। সবার পরিশ্রম, আন্তরিকতা এবং প্রজেক্টের প্রতি ভালোবাসা থেকেই এই কাজটি এতদূর এসেছে। ‘মিশন ডিডিএলজে’ নিয়ে আমাদের যে প্রত্যাশা ছিল, দর্শকদের ভালোবাসায় তা আগেই পূরণ হয়েছে। আন্তর্জাতিক এই পুরস্কার আমাদের জন্য বাড়তি পাওনা। এই অর্জনে পুরো টিম আনন্দিত, কৃতজ্ঞ ও গর্বিত। তবে এই স্বীকৃতির পর পুরস্কার পাওয়ার লোভটা আরও বেড়ে গেল। এখন মনে হচ্ছে, সামনে আরও পুরস্কার চাই!

কনটেন্টটির এক্সিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় বলেন, আমাদের টিমের প্রথম কন্টেন্ট দর্শকরা এত আপন করে নেবে সেটা ভাবনার বাইরে ছিল। মুক্তির পর থেকে দর্শকদের এত সাধুবাদ আমরা পেয়েছি যে, সত্যিই আবেগাপ্লুত হয়েছি। আগামীতে আমাদের চেষ্টা থাকবে আরও দারুণ কিছু কন্টেন্ট দর্শকদের উপহার দেবার।
‘মিশন ডিডিএলজে’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাদ নাওভী ও লাবণ্য চৌধুরী। তাদের নতুন জুটির রসায়ন এবং নস্টালজিক প্রেমের আবহ দর্শকদের নজর কাড়ে। আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না ও শারমিন সুলতানা শর্মী।

প্রায় ৮৫ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের সরলতা ও আবেগকে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মিলিয়ে উপস্থাপনের চেষ্টা করেছেন নির্মাতা অর্ক।
গ্রামীণ আউটডোর লোকেশন, রোম্যান্টিক দৃশ্যায়ন এবং পরিচিত প্রেমের অনুভূতিকে নতুন প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। ওয়েব ফিল্মটি মাত্র ১৫ টাকায় এখন দেখা যাচ্ছে আইস্ক্রিনে।






