স্প্যানিশ লা লিগায় দেপার্তিভো লা করুনাকে গোল বন্যায় ভাসিয়েছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
লুইস সুয়ারেজের হ্যাটট্রিকসহ চার গোলে দেপার্তিভো লা করুনাকে ৮-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর ভিলারিয়ালকে ৩-০ গোলে হারায় রিয়াল।
আগে টানা তিন ম্যাচে হেরে বেকায়দায় ছিলো বার্সা। তাই এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো লুইস এনরিকের সদস্যরা। ১১ মিনিটেই গোল পায় বার্সা। ইভান রাকিটিচের পাস থেকে দলের লিড নেওয়া গোলটি করেন উরুগুয়ের তারকা সুয়ারেজ।
২৪ মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। মেসির দুর্দান্ত এক ডিফেন্স চেড়া পাসে একা থাকা সুয়ারেজ দেপার্তিভোর জালে দ্বিতীয়বার বল জড়ান।
৩৪ মিনিটের মাথায় হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।
বিরতির পর খুব দ্রুতই গোলের দেখা পায় অতিথিরা। দলের তৃতীয় গোলটি করেন ক্রোইশিয়ান মিডফিল্ডার রাকিটিচ। ম্যাচের ৪৭ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় কাতালানরা।
৫৩ মিনিটে মাথায় ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। দলের চতুর্থ আর নিজের হ্যাটট্রিক পূর্ণ করতে গোল করেন সুয়ারেজ। এবারো মেসির দুর্দান্ত এক পাস থেকে গােল করেন তিনি। উরুগুইয়ান এই তারকা ম্যাচের ৬৪ মিনিটে করেন পঞ্চম গোল।
খেলার ৭৩ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন মেসি। বামপাশ থেকে সুয়ারেজের বাড়ানো বলে বাঁ-পায়ের আলতো টোকায় দেপার্তিভোর দুই ডিফেন্ডারের মাঝদিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি।
৭৯ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় গোল করেন মার্ক বার্তা। দলের সপ্তম গোলটি করেন তিনি। ৮১ মিনিটের মাথায় আবারো সুয়ারেজ জাদু। এবার নিজে গোলদাতা না হলেও নেইমারকে দিয়ে গোল করান তিনি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা।
অন্য ম্যাচে ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন করিম বেনজেমা, লুকাস ভাজকোয়েজ ও লুকা মদ্রিচ। প্রথম গোল পেতে ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। করিম বেনজামার পা থেকে প্রথম গোল পায় গ্যালাকটিকোরা।
প্রথমার্ধে এক গােলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিট ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এবার গােলদাতা লুকাস ভাজকোয়েজ। আর ৭৬ মিনিটে দলের তৃতীয় শেষ গোলটি করেন ক্রােইশিয়ান তারকা লুকা মডরিচ।
ম্যাচ জিতেও স্বস্তিতে নেই রিয়াল। ইনজুরিতে পড়েছেন দলের সেরা স্টার ক্রিস্টিয়ানো রােনালদো। পেশিতে টান লেগেছে পর্তুগীজ তারকার। তবে রোনালদোর ইনজুরি কতটা মারাত্মক সেটা এখনো জানা যায়নি।
রাতের অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ০-১ অ্যাটলেটিকো মাদ্রিদ, স্পোর্টিং গিজন ২-১ সেভিয়াকে এবং ভ্যালেন্সিয়া ৪-০ এইবারকে হারায়।
এই ম্যাচ শেষে ৩৪ খেলায় বার্সার পয়েন্ট ৭৯। সমানসংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৭৯। তবে গােল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে বার্সা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।







