ওয়ানডে একদমই ভালো হয়নি। টেস্টে কী হয় সেটা নিয়ে আছে শঙ্কা! তবে লিঙ্কনে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৪১১ রান করে স্বস্তির একটা উপলক্ষ এনে দিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। এই ফর্মটা ধরে রাখতে পারলেই সাদা পোশাকে ইতিবাচক ফলাফল আসবে বলে মনে করেন সাদমান ইসলাম।
রঙিন পোশাকে রান হয়নি বলেই হয়তো প্রস্তুতিতে রানের ক্ষুধা দেখা গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে। ৪ জন ফিফটি পেয়েছেন, বাকিরা সবাই কমবেশি রান করেছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে যা আশাজাগানিয়া।
দলের ব্যাটিংটা ভালো হওয়ায় তৃপ্তির প্রকাশ থাকল সাদমান ইসলামের কণ্ঠে। সাদা পোশাকে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করে ৬৭ রান করেছেন মাত্র এক টেস্ট খেলা এ বাঁহাতি ওপেনার। তবে নিউজিল্যান্ডের যে বোলারদের সামলেছেন টাইগার ব্যাটসম্যানরা তাদের মধ্যে কেবল অ্যাডাম মিলনেই খেলেন আন্তর্জাতিক ক্রিকেট। বাকীরা ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ। এমন বোলারদেরও সামলানো মুখের কথা নয়, এমনটাই বলছেন সাদমান। নিজের এবং বাকীদের এই ফর্মটা আসল ম্যাচে ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি।
‘আজকে ব্যাটিং থেকে ভালোই আত্মবিশ্বাস পেয়েছি। কীভাবে খেলতে হবে তা জেনেছি, উইকেট কেমন হতে পারে সে সম্পর্কে একটু ধারণা হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা সবাই ভালো ব্যাটিং করেছে। ওদের পেসার যাদেরকে আমরা খেলেছি, ওরা ভালো বোলিং করে। দ্রুত গতির বোলারদের বিপক্ষেই আমরা রান করেছি। চেষ্টা থাকবে আজকে পুরো দল যেভাবে রান করেছে আসল ম্যাচেও ওরকমভাবে রান করে বড় একটা সংগ্রহ গড়ে দেয়ার। যেভাবে একটা প্যাশন নিয়ে ব্যাটিং করেছি চেষ্টা থাকবে আসল ম্যাচে সেভাবে রান করার।’
রান করার পাশাপাশি নিউজিল্যান্ডের আবহাওয়াকেও জয় করার একটা তাগিদ আছে বাংলাদেশের। ভারী বাতাসের কারণে বোলারদের বল করতে গিয়ে কষ্টের কথা জানিয়েছিলেন পেসার আবু জায়েদ রাহী। সাদমানও জানালেন ব্যাটসম্যানরা একই সমস্যায় ভুগছেন। তবে অভিজ্ঞ ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জির পরামর্শ মেনে সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টাও চলছে টাইগার শিবিরে।
‘আমাদের প্রস্তুতি ম্যাচের আগেরদিন অনেক বাতাস ছিল। আমাদের বলা হয়েছে যে ওয়েলিংটন ও হ্যামিল্টনে খেলতে হলে আমাদের এই বাতাসে অভ্যস্ত হতে হবে। আমি তো ৮ দিন আগে এসেছি। শুরু থেকেই এরকম বাতাস ছিল। আমাদের কোচ নিল ম্যাকেঞ্জি বলেছিলেন একটু মানিয়ে খেলার চেষ্টা করো। বাউন্সার মানিয়ে খেলার চেষ্টা করো, বল শরীরে নিয়ে খেলার চেষ্টা করো। আমি চেষ্টা করেছি মানিয়ে খেলার, আস্তে আস্তে খেলার। আগে আসার কারণে হয়তো মানিয়ে নিতে পেরেছি। আসল ম্যাচে চেষ্টা করবো প্রস্তুতি ম্যাচের মতো ব্যাট করার।’







