প্রথমার্ধেই দুই গোল। বড় জয়ের সম্ভাবনা বার্সেলোনার সামনে। কিন্তু দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে দেয়ার সম্ভাবনা জাগালো গেটাফে। এর আগে এক গোল বাতিল হয়েছে দলটির। আক্রমণাত্মক প্রতিপক্ষের কাছে নিজ মাঠে হোঁচটের শঙ্কায় লিওনেল মেসির দল। শেষ পর্যন্ত তা হয়নি। ন্যু ক্যাম্পে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ছুঁয়েছে বার্সা।
শনিবার ন্যু ক্যাম্পে পয়েন্ট টেবিলের তিনে থাকা দল গেটাফের বিপক্ষে ২-১ গোলে স্বস্তির এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধানে সম অবস্থানে নিয়ে এলো কিকে সেতিঁয়েনের দল। এক ম্যাচ কম খেলা রিয়াল রোববার নিজ মাঠে নামবে সেল্টা ভিগোর বিপক্ষে।
ম্যাচের ২৩ মিনিটে ন্যু ক্যাম্পের দর্শকদের থমকে দিয়ে প্রথম গোলটা করেছিলো গেটাফেই। হোর্হে মলিনার শট গোল লাইন থেকে বার্সা গোলরক্ষক টের স্টেগেন ফেরালেও গোল দেন রেফারি। পরে ভিএআর প্রযুক্তি দিয়ে ঠিকই সেই গোল বাতিল করেছে বার্সা।
এরপর ৩৩ মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত পাসে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যান্টনিও গ্রিজম্যান। বাঁ প্রান্ত ধরে স্যামুয়েল উমতিতির পাস ডি-বক্সের মুখে পেয়ে যান মেসি। বার্সা অধিনায়ক দ্রুতই গেটাফে রক্ষণভেদ করে বল এগিয়ে দেন গ্রিজম্যানের দিকে। গোল করার পথে ফরাসি ফরোয়ার্ডের জন্য বাঁধা ছিলেন কেবল গেটাফে গোলরক্ষকই, বাঁ পায়ের স্পর্শে তাকে পরাস্ত করতে একদমই কষ্ট হয়নি ২৮ বছর বয়সী তারকার।
প্রথম গোলের ছয় মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। এবার গোল খাতায় নাম লেখান সার্জি রবের্তো। ৩৯ মিনিটে বদলি ডিফেন্ডার জুনিয়র ফিরপোর কাটব্যাক থেকে গোল করেন এই ডিফেন্ডার।
অতিরিক্ত সময়ে দলকে তৃতীয় গোল প্রায় এনেই দিচ্ছিলেন মেসি। গ্রিজম্যানের ক্রস থেকে বার্সা অধিনায়কের ‘দুর্লভ’ হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গেটাফে গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে এসে এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তোলা গেটাফে। বার্সার দুই ডিফেন্ডার পিকে ও সার্জি রবের্তোকে বোকা বানিয়ে দুইজনের মাঝখান দিয়ে দারুণ এক ভলিতে ৬৬ মিনিটে গোল করেন অ্যাঙ্গেল রদ্রিগেজ।
৭৪ মিনিটে বার্সাকে এগিয়ে দেয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া করেন গ্রিজম্যান। গোলরক্ষককে একা পেয়েও ফরাসি ফরোয়ার্ড বল মেরেছেন বার উঁচিয়ে। তাতে ব্যবধানটা আর বাড়ানোর সুযোগ হয়নি লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের। আর ম্যাচের ২৩ মিনিটে সেই বাতিল গোলটিই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।







