কপ৩১ সফরে দেশের আত্মবিশ্বাস ও সম্মান নতুন উচ্চতায় নিয়েছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের আত্মবিশ্বাস ও সম্মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু অর্থায়ন, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে যুক্তরাজ্যের মন্ত্রীর বসার ধরন বা আচরণে কোনো ধরনের বেয়াদবি দেখেননি। বরং তাঁর আচরণে আন্তরিকতা ছিল। একটি ভালো আলোচনাকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সেখানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দের বিষয়টিও আলোচনায় এসেছে।
তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন, বাংলাদেশের যেকোনো প্রয়োজনে তুরস্ক পাশে থাকবে।






