কলম্বোতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩১৯ রান। চতুর্থ টেস্ট খেলতে নামা লোকেশ রাহুলের ১০৮, রোহিত শর্মা ৭৯ ও অধিনায়ক বিরাট কোহলির ৭৮ রান করেন। ক্রিজে ১৯ রানে অপরাজিত রয়েছেন ঋদ্বিমান সাহা।
কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ধামিকা প্রসাদ আর ডোসমান্ত চামিরার পেস অ্যাট্রাকে মাত্র ১২ রানের মধ্যে সাজ ঘরে ফিরেন মুরালী বিজয় ও আঞ্জিকা রাহানে। তাদের বিদায়ের পর দলের হাল ধরেন লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় উইকেটে ১৬৪ রান যোগ করেন রাহুল ও কোহলি। লোকেশ রাহুল তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
অধিনায়ক কোহলি করেন ৭৮ রান। দলীয় ১৭৬ রানের মাথায় বিরাট হেরাথের বলে ম্যাথিউসের কাছে ক্যাচ দিলে তৃতীয় উইকেটের পতন হয়। বিরাটের আউটের পরে লোকেশ জুটি গড়েন রাহুল শর্মাকে নিয়ে। তারা চতুর্থ উইকেটে যোগ করেন ৫৫ রান।
চা বিরতির পর শতরান তুলে নেয় লোকেশ রাহুল। ২৩১ রানের মাথায় লঙ্কান পেসার চামিরা উইকেটের পেছেনে চান্দিমালের হাতে ক্যাচ বানিয়ে সাজ ঘরে ফেরান রাহুলকে। এর পরেই প্রথম টেস্টের জয়ের নায়ক রঙ্গনা হেরাথ প্যাভিলনে ফেরান অলরাউন্ডার স্টুয়ার্ড বিনিকে।
দিনের শেষদিকে অসাধারণ খেলতে থাকা রাহুল শর্মাকে ৭৯ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আঞ্জেলো ম্যাথিউস। লঙ্কান বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন ধামিকা প্রসাদ ও রঙ্গনা হেরাথ। একটি করে উইকেট নেন ডোসমান্ত চামিরা ও আঞ্জেলো ম্যাথিউস।
তিন ম্যাচ টেস্ট সিরিজে প্রথমটিতে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা।





