বিনোদন

‘দুসরা’ মুক্তির পর জানা গেল এটি সৌরভের জীবন!

আদালতের দারস্থ সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে মুক্তি প্রতীক্ষিত ‘দাদা’ সংশ্লিষ্টরা

‘দুসরা’ মুক্তির পর জানা গেল এটি সৌরভের জীবন!

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) লঙ্ঘনের অভিযোগে নির্মিত চলচ্চিত্র ‘দুসরা’র নির্দিষ্ট দৃশ্য চিহ্নিত করতে তাকে নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি তেজস কারিয়া চলচ্চিত্রটির আপত্তিকর দৃশ্যের টাইমস্ট্যাম্প ও আপত্তির কারণ উল্লেখ করে একটি তালিকা জমা দিতে বলেন। পাশাপাশি নির্মাতাদের ছবিটির একটি পেনড্রাইভ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি ছবিটির বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লাভ ফিল্মস এলএলপিও। প্রতিষ্ঠানটি সৌরভের জীবনীভিত্তিক একটি চলচ্চিত্র নির্মাণ করছে। তাদের অভিযোগ, ‘দুসরা’ ছবিটি তাদের চুক্তিগত অধিকার লঙ্ঘন করেছে।

আদালত আসন্ন ‘দাদা’ ছবির চিত্রনাট্য সিলগালা খামে জমা দিতে বাদীপক্ষকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ‘দুসরা’ কীভাবে তাদের চুক্তিগত অধিকার লঙ্ঘন করেছে, তা ব্যাখ্যা করতে বলেছেন।

বাদীপক্ষের আইনজীবী ছবিটির প্রদর্শন বন্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়েছেন। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও ছবিটি এখনো ওটিটি প্ল্যাটফর্মে আসেনি বলে আদালতে উল্লেখ করেন তিনি।

আইনজীবীর অভিযোগ, সৌরভের জীবনের ঘটনাবলি ব্যবহার করে তার সম্মতি ছাড়াই ব্যক্তিত্ব ও ভাবমূর্তি কাজে লাগানো হয়েছে। বিশেষ করে ছবির বিরতির পর ২০০২ সালের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনাল ম্যাচের ঘটনা তুলে ধরা হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, নির্মাতাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আদালতকে জানিয়েছেন, ওই ক্রিকেট ম্যাচের ভিডিও ক্লিপ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কপিরাইটধারী কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে। নির্মাতাদের দাবি, সৌরভ গাঙ্গুলী ছবিটির অনুপ্রেরণার উৎস হলেও এটি তার জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়।

গত ২৩ অক্টোবর দিল্লি হাইকোর্ট ‘দুসরা’র নির্মাতাদের সৌরভের অভিযোগের জবাব দিতে এবং ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিলেন। এর আগের দিন, ২২ অক্টোবর, ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি স্থগিত করার আবেদন খারিজ করে দেন আদালত।

অভিনয় দেও পরিচালিত ‘দুসরা: ইন্ডিয়াস আদার ফ্রিডম স্ট্রাগল’ একটি ক্রীড়াভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন প্লাবিতা বোরঠাকুর, অঙ্কুর বিকাল ও সমীধা গুরু। রাজস্থানের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে সৌরভ গাঙ্গুলীর ক্রিকেটজীবনের বিভিন্ন ঘটনা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। টেলিগ্রাফইন্ডিয়া

বিষয়:ক্রিকেট দাদা দুসরা বলিউড মোসরা সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…