কাঠমান্ডুতে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে ঢাকায় নিজেদের অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ। তারা বলেছেন, ফ্লাইটির যাত্রীদের তালিকা পাওয়ার পরই তারা হতাহতদের বিস্তারিত তথ্য জানাবেন। তবে হতাহতদের বিস্তারিত তথ্য জানানোর জন্য তাদের অফিস সার্বক্ষণিকভাবে খোলা থাকবে।
নেপালের ত্রিভূবন এয়ারপোর্টের কাছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকারের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ইউএস বাংলা।
উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হওয়ায় নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে ইউএস বাংলার এয়ারলাইন্সের একটি দল। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই তারা নেপালের উদ্দেশ্যে রওনা হন।
সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।
উড়োজাহাজটি ছিটকে পড়ায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ৭৮ জন ধারণক্ষমতার উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিল বলে জানা গেছে।
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।








