আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ রোববার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় পুলিশপ্রধান বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি। পাশাপাশি থানায় দায়ের করা মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে তদন্তের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন তিনি।
মামলা তদন্তে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিশেষ করে অপমৃত্যু মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপর জোর দেন অতিরিক্ত আইজি। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং সেগুলো কার্যকরের হার বাড়ানোর নির্দেশনা দেন তিনি।
সভায় অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণসংক্রান্ত মামলার চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত ও বিচার কার্যক্রমের অগ্রগতি এবং সাজার হার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।






