২০২ রানে পিছিয়ে পড়ার পর মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের ব্যাটে মিলেছে লড়াইয়ের আভাস। ৪২ রানে অবিচ্ছিন্ন থাকা চতুর্থ উইকেট জুটি লম্বা হলে ম্যাচে ফিরতে পারে বাংলাদেশ। সে আশাতেই রয়েছেন হাসান মাহমুদ।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা টাইগার পেসার বললেন, সাউথ আফ্রিকাকে দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে লড়াই সম্ভব।
প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে তুলেছে ১০১ রান। শুরুতে দুই উইকেট হারিয়ে বসায় মনে হচ্ছিল আবারও দ্রুতই গুটিয়ে যাচ্ছে স্বাগতিকরা। জয় ও মুশফিক থিতু হয়ে দলীয় একশ পার করেছেন।
এই জুটি নিয়ে হাসান বললেন, ‘তাদের জুটিটা লম্বা হোক সেটাই চাই। যতক্ষণ খেলা যায়। এরপর যারা আসবে তাদেরও দায়িত্ব থাকবে সেট হয়ে লম্বাসময় ক্রিজে কাটানো। মুশফিক ভাই ও জয় খুব ভালো ব্যাটিং করেছে।’
হাসান বললেন, দুইশর বেশি লক্ষ্য দিতে পারলে প্রোটিয়াদের বিপক্ষে লড়াই করা সম্ভব। তবে সেটি করতে হলে দ্বিতীয় ইনিংসে চারশর বেশি করতে হবে। এমন সমীকরণ জেনেও আত্মবিশ্বাস নিয়ে হাসান বললেন, ‘কাল যদি তিন সেশন ব্যাটিং করতে পারি বা আড়াই সেশন তাহলে চারশর কাছাকাছি যেতে পারব। অবশ্যই সম্ভব।’
মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এক পেসার খেলাচ্ছে বাংলাদেশ। হাসান প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন। জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।
প্রোটিয়া দুই পেসারও বেশ সফল হয়েছেন। কন্ডিশন অনুযায়ী বাংলাদেশের আরেকজন পেসার খেলালে ভালো হতো কিনা জানতে চাইলে হাসান বললেন. ‘আমাকে পিক করা হয়েছে। আমি চেষ্টা করেছি ভালো করার। এটা তো ম্যানেজমেন্টের ব্যাপার।’







