অপরাধ

শ্রমিকদের আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, ডিবির হাতে আওয়ামী লীগের ১১ জন

শ্রমিকদের আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা, ডিবির হাতে আওয়ামী লীগের ১১ জন

মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে

রাজধানীর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনে মিশে নাশকতার চেষ্টা করার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান।

উপপুলিশ কমিশনার বলেন, কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। তবে গতকাল থেকে আন্দোলন সহিংস হয়ে উঠেছে। রোববারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ডিসি রাকিব খানের অভিযোগ, সাধারণ শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষ ও নাশকতার চেষ্টা করছেন। শ্রমিকদের সঙ্গে মিশে থাকা এমন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, মিরপুর-১০ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাওয়া গেছে।

তার দাবি, মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা নাশকতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের ঢাকায় এনেছেন তিনি।

ডিসি রাকিব খান বলেন, নাশকতার চেষ্টায় সেখানে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়:১১ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগ মিরপুর শ্রমিক আন্দোলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…